আরেকটি চূড়ায় তামিম
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগে থেকেই ছিল তামিম ইকবালের। এবার টেস্টেও দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। ফতুল্লা টেস্টের চতুর্থ দিন সকালেই তামিম ছাড়িয়ে যান হাবিবুল বাশারকে। ২০০১ সাল থেকেই রেকর্ডটি ছিল বাংলদেশের সাবেক এই অধিনায়কের।
হাবিবুলের ৩ হাজার ২৬ রান ছাড়িয়ে যেতে তামিমের প্রয়োজন ছিল ৭ রান। পাকিস্তান সিরিজের শেষ ইনিংসেই রেকর্ডটি হতে পারত তামিমের, প্রয়োজন ছিল ৪৯ রান। কিন্তু ৪২ রানে ক্যাচ দেন উইকেটের পেছনে। ফতুল্লার চতুর্থ দিন সকালে ওই ৭ রান করতে তামিমের লাগে মাত্র ৮ বল। ৫ রান থেকে ইশান্ত শর্মাকে ফ্লিক করে ২ রান নিয়ে উঠে যান নতুন চূড়ায়।
তবে মাইলফলকে পৌঁছার দিনটিকে স্মরণীয় করতে পারেননি তামিম। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্টাম্পিং হয়ে ফিরে যাওয়ার আগে ১৯ রান করেন তিনি।
তামিম ছাড়া টেস্ট-ওয়ানডে দুটিতেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড আছে ভারতের শচিন টেন্ডুলকার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের।
টেস্ট ও ওয়াডেতে দেশের হয়ে সবচেয়ে বেশি রান ছাড়াও দুই ফরম্যাটেই সবচেয়ে বেশি শতক, সবচেয়ে বড় ইনিংস, সবচেয়ে বেশি চার-ছয়সহ বাংলাদেশের ব্যাটিং রেকর্ডের প্রায় সবই তামিমের।
পাকিস্তান সিরিজ শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সম্ভাব্য এই রেকর্ড নিয়ে তামিম বলেছিলেন, “রেকর্ড হলে ভালো লাগে। তবে খুব বেশি উচ্ছ্বাসের কিছু দেখি না। আমার কাছে মনে হয় না, এমন কিছু করে ফেলেছি যে অনেক আলোচনা হওয়া উচিত। যদি আমার রান ৮ হাজার বা ওইরকম হতো, তাহলে হয়ত বড় অর্জন হতো।”
তামিমের মতে বাংলাদেশের সাবেক ব্যাটসম্যানরা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। এজন্য এখনকার ক্রিকেটারদের জন্য রেকর্ডগুলো গড়া খুব কঠিন কিছু নয়।
"সুমন ভাই (হাবিবুল বাশার) যদি এত ঘন ঘন ম্যাচ খেলার সুযোগ পেতেন, উনার রান অবশ্যই ৬-৭ হাজার হতো। ওই রান ছাড়িয়ে যেতে পারলে বলতাম বড় অর্জন। এখন আমি বা সাকিব-মুশফিকরা যদি ৭-৮ বা ১০ হাজার বা আরও বেশি রান করে যেতে পারি, ভবিষ্যতে যখন কেউ তা ছাড়িয়ে যাবে, সে অবশ্যই বেশি তৃপ্তি পাবে।”
