২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনের জন্য সতীর্থদের পরামর্শ তামিমের

খুব নাটকীয় কিছু না ঘটলে ড্র হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্ট। তবে এখনই এতো নিশ্চিত হতে রাজি নন স্বাগতিক দলের সহ-অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ বাঁচাতে সতীর্থদের পঞ্চম ও শেষ দিনের প্রথম দুই ঘণ্টা দেখেশুনে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 06:20 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান। এখনও ভারতের চেয়ে ৩৫১ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে চার দিনে সব মিলিয়ে ১৪০ ওভারও খেলা হয়নি। রোববারও পুরো দিন খেলা হওয়ার সম্ভাবনা কম থাকায় ড্র প্রায় নিশ্চিত। তবে সে সব হিসাব-নিকাশে না গিয়ে সতীর্থদের জুটি গড়ার পরামর্শ দিয়েছেন তামিম।

“প্রথম ১/২ ঘণ্টা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। ওই সময় আমরা যদি কোনো উইকেট না হারিয়ে একটা জুটি গড়ে তুলতে পারি সেখানেই ম্যাচটা ‘শেষ’ হয়ে যাবে। আমাদের দিক থেকে আমরা খুব শান্ত আছি। আমরা জানি, আমাদের কি করতে হবে।”

“আমি সব সময়ই বলি, ক্রিকেট ফানি গেইম। যে কোনো কিছুই হতে পারে ক্রিকেটে। যদি ভারত ভালো শুরু করে, ওরা যদি সকালে তিন/চারটি উইকেট নিয়ে নেয় তখন ম্যাচের চিত্র অন্যরকম হতেও পারে। কালকে আমাদেরকে দিনের শুরুটা ভালো করতে হবে,” যোগ করেন তামিম।

বাংলাদেশের সহ-অধিনায়ক মনে করেন, উইকেট এখনও ব্যাটিং উপযোগী। দুয়েকটা বল ঘুরলেও বড় কোনো হুমকি দেখেন না তিনি।

ফতুল্লা টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশের প্রাপ্তির সম্ভাবনা দেখছেন তামিম, “কাল যদি পুরো দিনটি বৃষ্টি ছাড়া পাই, তাহলে ইমরুলের কাছ থেকে একটা বড় ইনিংস দেখতে পারি, সাকিবও একটা বড় ইনিংস খেলতে পারবে। এখনও অনেক কিছু পাওয়ার আছে। এখানে যদি ভালো একটা ব্যাটিং করতে পারি তাহলে ওয়ানডেতে আমরা আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারব।”

পুরনো খবর:

রেকর্ড ভাঙার দিনে তামিমের সঙ্গী আক্ষেপ
বৃষ্টির দাপটে ড্রয়ের পথে ফতুল্লা টেস্ট
তামিমের ১০ হাজার রান চান হাবিবুল
আরেকটি চূড়ায় তামিম