২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড ভাঙার দিনে তামিমের সঙ্গী আক্ষেপ

হাবিবুল বাশারকে পেছনে ফেলে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেওয়ার দিনেও আক্ষেপ সঙ্গী হয়েছে তামিম ইকবালের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের চতুর্থ দিন রবিচন্দ্রন অশ্বিনের বলে স্টাম্পিং হয়ে ফেরার আগে ১৯ রান করেন তামিম। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান। এখনও ৩৫১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

শনিবার চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা তামিম জানান, বড় একটা ইনিংস খেলে এলে আরও ভালো লাগতো তার।

“একটা বড় ইনিংস খেলে এখানে এলে পরিবেশটা ভিন্ন থাকত, আমার নিজের কাছেও ভালো লাগত। এখন অর্জন তো অর্জনই, সেটা গ্রহণ করতে হবে।”

১৯ রান করার পথে হাবিবুল বাশারকে (৩ হাজার ২৬) টপকে যান তামিম। উদ্বোধনী এই ব্যাটসম্যান জানান, সাজঘরে তাকে অভিনন্দন জানাতে এসেছিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল।

অশ্বিনের বলে একটু এগিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন তামিম। বলে ব্যাট ছোঁয়াতে পারেন নি, সময়মতো ফিরতেও পারেননি। সুযোগ কাজে লাগিয়ে তাকে স্টাম্পিং করেন ঋদ্ধিমান সাহা। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও স্টাম্পিং হন তামিম।

“(আউট) হতাশাজনক, কিন্তু বলটি ভালো ছিল। আর আমি খারাপ কোনো শট খেলিনি। বলের মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। কিন্তু আরও ভালো করে বলটি খেলতে পারতাম। কোনো খারাপ শট খেলে আউট হইনি, তাই আমি হতাশ নই।”

পুরনো খবর:

বৃষ্টির দাপটে ড্রয়ের পথে ফতুল্লা টেস্ট
তামিমের ১০ হাজার রান চান হাবিবুল
আরেকটি চূড়ায় তামিম