হাবিবুলের আশা পূরণের সুযোগ নেই তামিমের!
তামিম ইকবালের নামের পাশে এক দিন ১০ হাজার টেস্ট রান দেখার আশা হাবিবুল বাশারের। কিন্তু সেই আশা পূরণের সুযোগ দেখছেন না তামিম নিজেই! না, নিজের সামর্থ্যে তার সংশয় নেই। বাঁহাতি এই ব্যাটসম্যানের যুক্তি অকাট্য; অত টেস্ট খেলার সুযোগই তো পায় না বাংলাদেশ!
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড আগে থেকেই ছিল তামিম ইকবালের। ফতুল্লা টেস্টের চতুর্থ দিন সকালে হাবিবুল বাশারকে (৩ হাজার ২৬ রান) ছাড়িয়ে টেস্টেও দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।
অভিনন্দন জানিয়ে সকালেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাবিবুল বলেছেন, অন্তত ১০ হাজার রান করা উচিত তামিমের। দিনশেষে সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গ উঠতেই তামিমের কণ্ঠে ঝরল আক্ষেপ।
“১০ হাজার টেস্ট রান যে কোনো ব্যাটসম্যানের স্বপ্ন। কিন্তু এত রান করতে সেই পরিমাণ ম্যাচও তো খেলতে হবে! এভাবে বছরে ৩-৪টি টেস্ট খেলে সম্ভব না। আমার ব্যাটিং গড় যদি পঞ্চাশও হয়, তবুও সম্ভব না। এখনকার মতো বছরে ৩-৪ টেস্ট খেললে ক্যারিয়ারে বড়জোর ৬০-৬৫ ম্যাচ খেলতে পারব। এই কটা ম্যাচে ১০ হাজার রান বিশ্বের কোনো ব্যাটসম্যানের পক্ষেই সম্ভব নয়।”
তামিমের আক্ষেপে আসলে আরও একবার উঠে এল বাংলাদেশ ক্রিকেটের চিরন্তন আক্ষেপ ও ক্ষোভটাই। যথেষ্ট টেস্ট খেলার সুযোগ পায় না বাংলাদেশ। টেস্ট আঙিনায় প্রায় ১৫ বছর কাটিয়ে দেওয়ার পরও বাংলাদেশের প্রত্যাশিত উন্নতি না হওয়ায় সমালোচনার শেষ নেই। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার দাবিও তো উঠেছে কত কত বার।
সমালোচনাকারীরাই আবার বলেছেন, টেস্টে উন্নতির জন্য বেশি বেশি টেস্ট খেলার বিকল্প নেই। নানা সময়ে এই বাস্তবতা স্বীকার করেছেন আইসিসি কর্তারাও। কিন্তু বাংলাদেশের টেস্ট ম্যাচ বাড়েনি।
তামিমের দাবির সাক্ষী হয়ে আছে পরিসংখ্যানও। ২০০৮ সালের জানুয়ারিতে তামিমের অভিষেক। সেই টেস্ট থেকে এই ফতুল্লা টেস্ট পর্যন্ত ৪২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এই সাড়ে সাত বছরে ইংল্যান্ড খেলেছে ৯০টি টেস্ট! অস্ট্রেলিয়া ৮৫টি। অনেকে বলতে পারেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া বরাবরই বেশি টেস্ট খেলে। কিন্তু প্রতিবেশী ভারতও এই সময়ে খেলে ফেলেছে ৭৫ টেস্ট। এমনকি গোটা ২০০৮ সালে একটি টেস্ট না খেলার পরও এই সময়ে পাকিস্তান খেলেছে ৫৪ টেস্ট!
তামিমের ৪০ টেস্ট খেলার এই সময়ে ইংল্যান্ডের এখনকার টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক খেলেছেন দ্বিগুণেরও বেশি টেস্ট, ৯০টি! জেমস অ্যান্ডারসন খেলেছেন ৮৪ টেস্ট, মাইকেল ক্লার্ক ৭৯টি। উপমহাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মহেন্দ্র সিং ধোনি, ৬৬টি। ইশান্ত শর্মা ও কুমার সাঙ্গাকারা ৫৯টি করে।
তামিমের পরে টেস্ট ক্যাপ পেয়েও ২৫ টেস্ট বেশি খেলে ফেলেছেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্র্যাড হাডিন, ১৬ টেস্ট বেশি খেলেছেন অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল। দেড় বছর ধরে ইংল্যান্ড দলে ব্রাত্য কেভিন পিটারসেন সাড়ে আট বছরের ক্যারিয়ারেই খেলেছেন ১০৪ টেস্ট!
তামিমের পরে অভিষেক হয়েও ২০ টেস্ট বেশি খেলে দুই বছর আগে অবসরে চলে গেছেন ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ান। তামিমের দেড় বছর পর টেস্টে পা রাখা জোনাথন ট্রট মানসিক অবসাদজনিত কারণে ক্রিকেট থেকে দূরে থেকে আবার ফিরে যখন অবসর নিলেন, খেলে ফেলেছেন ৫২ টেস্ট। এমনতি তামিমের প্রায় ৩ বছর পর অভিষিক্ত কেন উইলিয়ামসন ও প্রায় ৪ বছর পর অভিষিক্ত নাথান লায়ন খেলেছেন তামিমের চেয়ে একটি বেশি টেস্ট। এটাই বাংলাদেশ আর আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতা।
তিন মোড়লের পালাবদলের পর এখন তো আর ব্যাপারটি আইসিসির হাতেও নেই। বাংলাদেশের টেস্ট ম্যাচ বাড়াও তাই নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর। ক্রিকেটীয় কূটনীতিতে চূড়ান্ত সাফল্য যেমন দেখাতে হবে বিসিবিকে, ক্রিকেট মাঠেও তেমনি দল হিসেবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উন্নতি করতে হবে বাংলাদেশকে। তবেই যদি অন্য দেশগুলো বাংলাদেশের সঙ্গে বেশি বেশি টেস্ট খেলতে চায়!
নইলে ১০ হাজার তো বহদূর, ক্যারিয়ার জুড়ে অসাধারণ পারপরম্যান্স করে গেলেও তামিম-সাকিব-মুশফিকদের নামের পশে থাকবে বড়জোর ৭-৮ হাজার রান।
তামিমের অভিষেকের দিন থেকে সব দেশের টেস্ট সংখ্যা:
ইংল্যান্ড | ৯০ |
অস্ট্রেলিয়া | ৮৪ |
ভারত | ৭৫ |
নিউ জিল্যান্ড | ৬৭ |
ওয়েস্ট ইন্ডিজ | ৬৬ |
দক্ষিণ আফ্রিকা | ৬৪ |
শ্রীলঙ্কা | ৬০ |
পাকিস্তান | ৫৪ |
বাংলাদেশ | ৪২ |
জিম্বাবুয়ে | ১৪ |
*জিম্বাবুয়ে ২০১১ সাল থেকে
