ভারতের বিপক্ষে অপরিবর্তিত টেস্ট দল
পাকিস্তানের বিপক্ষে গত সিরিজের দলেই আস্থা রেখেছেন নির্বাচকরা। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য চোটে পড়া বোলার শাহাদাত হোসেনকে বাদ দিয়ে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে হারা দলটির ওপরই আস্থা রেখেছে তার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
ঢাকায় দ্বিতীয় টেস্টে মাত্র দুই বল করেই ছিটকে পড়েন শাহাদাত। চোটের কারণে লম্বা সময় দলের বাইরে থাকতে হবে এই পেসারকে।
৬টি টেস্ট খেলে পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ থাকলেও দলে টিকে গেছেন শুভাগত হোম চৌধুরী।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাসের। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৮৫.৩৩ গড়ে ১ হাজার ২৪ রান করা এই তরুণের ওপর আবারও আস্থা রেখেছেন নির্বাচকরা।
এনসিএলে ৭০.৬৩ গড়ে ৭৭৭ রান করা রনি তালুকদারের জায়গা হয়নি এবারও। পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে ছিলে এই উদ্বোধনী ব্যাটসম্যান।
টেস্ট দলে উপেক্ষিত রয়েছেন নাসির হোসেন ও এনামুল হক। সাব্বির রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ এবারও টেস্ট দলে জায়গা পাননি।
১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ।
এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী সোমবার বাংলাদেশে পৌঁছাবে ভারত।
একমাত্র টেস্টের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, মোহাম্মদ শহীদ।
