টেস্টে সৌম্যকে মিডলঅর্ডারে ভাবছেন নির্বাচকরা
টেস্টে অভিষেক সিরিজে খুব একটা ভালো করতে পারেননি সৌম্য সরকার। তারপরও মিডলঅর্ডারে এই তরুণের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে যথাক্রমে ৩৩, ৩৩, ৩ ও ১ রান করেন সৌম্য। চার ইনিংসে সব মিলিয়ে ৭০ রান করা এই তরুণকে আরও সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকরা।
ঢাকা টেস্টে পুরোপুরি ব্যর্থ সৌম্যর ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই প্রধান নির্বাচক ফারুক আহমেদের মনে।
‘সৌম্য খুব ভালো ব্যাটসম্যান। কিন্তু একটু ফ্ল্যাশি। এজন্য আমাদের মনে হয়েছে, টেস্টে মিডল অর্ডারে সে ভালো করবে। ছয়-সাত নম্বরে দারুণ উপযোগী হতে পারে। আর ওই সময়টাতে দ্বিতীয় নতুন বল নেওয়া হয় সাধারণত, এমনিতে টপ অর্ডার হওয়ায় সে ভালো সামলাতে পারবে। টেস্টে ওকে আমরা মিডল অর্ডারেই বিবেচনা করছি’
এক সময়ে ছয় বা সাত নম্বরে সবচেয়ে নির্ভরযোগ্য ছিলেন নাসির হোসেন। তাকে নিয়েও আলোচনা করেছিলেন নির্বাচকরা। কিন্তু দলে আট নম্বরেও ব্যাটসম্যান থাকায় নাসিরের বদলে একজন বোলারকে বেছে নিয়েছেন তারা।
“সৌম্য কিন্তু ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলে। সব মিলিয়ে সাত, আট এবং নয় নম্বরে কিন্তু আমাদের ব্যাটসম্যান ঠিকঠাক। এ জন্য এখানে আর নতুন করে কোনো ব্যাটসম্যানকে নিয়ে স্কোয়াডে সদস্য সংখ্যা বাড়াতে চাই না।”
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণার পর ফারুক জানান, গত এক বছর বোলিংয়ে ভালো করলেও সৌম্য একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান। প্রয়োজনে টপ অর্ডারেও ব্যাটিংয়ের সামর্থ্য তার রয়েছে।
১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট।
