২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে ড্র হবে 'ভালো ফল'

ওয়ানডেতে দেশের মাটিতে বাংলাদেশ এখন সমীহ করার মতো দল। তবে টেস্টে সেই পর্যায়ে যেতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাদের। ভারতের সঙ্গে একমাত্র টেস্টে তাই ড্র করতে পারলে সেটাকে ভালো ফল হিসেবে ধরার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 08:10 PM

Updated : 22 Aug 2022, 12:24 PM

আগামী ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একমাত্র টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচের ১৪ সদস্যের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক ফারুক ব্যাটসম্যানদের ওপর প্রত্যাশার কথা জানান।

“ভারতের বিপক্ষে আমাদের প্রথম প্রত্যাশা থাকা উচিত ভালো ক্রিকেট খেলা। দ্বিতীয়ত, আমাদের প্রধান শক্তি এখন ব্যাটিং, সুতরাং ব্যাটিংটা আমরা ভালো করতে চাই। ফতুল্লার উইকেট ফ্ল্যাট উইকেট হয়, সুতরাং সেখানে ড্র করতে পারলে ভালো হয়।”

একমাত্র টেস্টের দলে আছেন নয় ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টেই আট ব্যাটসম্যান খেলিয়েছিল বাংলাদেশ। ড্র করার জন্য বেশি ব্যাটসম্যান খেলানোয় কোচ চন্দিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মুশফিকুর রহিমের পরিকল্পনায় নির্বাচকদের সমর্থনের কথা জানান ফারুক।

“প্রতিপক্ষ যদি ৬০০/৭০০ রান করে ফেলে, তখন কিন্তু চাপ এসে যায়। আমার মনে হয়, আমাদের দলে সাতজন ব্যাটসম্যান ঠিক আছে। তারপর চারজন বোলার। মুশফিক কিপার-ব্যাটসম্যান, সাকিব স্পিনার-ব্যাটসম্যান। ফলে আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিতে পারি।”

২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্ট খেলে বাংলাদেশ। প্রতিবেশী দেশটির বিপক্ষে সাত টেস্ট খেলে ছয়টিতেই হেরেছে তারা। ২০০৭ সালে বৃষ্টির সহায়তায় চট্টগ্রাম টেস্ট ড্র করে স্বাগতিকরা।

পুরনো খবর:

কোচ-অধিনায়কের চাওয়াতেই দলে জুবায়ের
টেস্টে সৌম্যকে মিডলঅর্ডারে ভাবছেন নির্বাচকরা
নিজ যোগ্যতাতেই টেস্ট দলে লিটন
শুভাগতকে দলে রেখেছে 'অফ স্পিন'
ভারতের বিপক্ষে অপরিবর্তিত টেস্ট দল
২০ উইকেট নেওয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন