২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভাগতকে দলে রেখেছে 'অফ স্পিন'

ছয়টি টেস্ট খেলেও বলার মত কিছু করতে না পারা শুভাগত হোম সুযোগ পেয়েছেন ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের দলে। এ নিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদের যুক্তি, বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে মূলত অফ স্পিনার বিবেচনাতেই নেওয়া হয়েছে শুভাগতকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2015, 05:44 PM

Updated : 25 Apr 2022, 01:26 PM

বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন ফারুক। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে হারা দলটির ওপরই আস্থা রেখেছে তার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে একটা বড় অংশ জুড়ে ছিল শুভাগতর দলে থাকার প্রসঙ্গ।

কিছুদিন আগেও যার মূল পরিচয় ছিল ব্যাটসম্যান, সেই শুভাগত এখন নির্বাচকদের দৃষ্টিতে অফ স্পিনার। শুধু তাই নয়, প্রধান নির্বাচকের মতে, অফ স্পিনে শুভাগতই সেরা পছন্দ!

"বাঁহাতি স্পিনে আমাদের বিকল্প আছে বেশ। কিন্তু অফ স্পিনে খুব বেশি বিকল্প আসলে আমাদের নেই। সোহাগ গাজী ছিল, অ্যাকশন শুধরে ক্রিকেটে ফেরার পর এখন ঘরোয়া ক্রিকেট খেলছে। আমরা চাই নতুন অ্যাকশনে সোহাগ আরেকটু অভ্যস্ত হোক। আমাদের দ্বিতীয় সেরা অফ স্পিনার শুভাগতই। ক'দিন আগে বিসিএলের শেষ ম্যাচে সে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়েছে। অফ স্পিনে শুভাগতই এখন আমাদের সেরা পছন্দ।"

অফ স্পিনারই কেন নিতে হবে, এই প্রশ্নও উঠেছে। দলে বাঁহাতি স্পিনার আছেন দুজন (সাকিব ও তাইজুল), আছেন লেগ স্পিনার জুবায়ের হোসেনও। নির্বাচকদের ভাবনায় তাই ছিল বোলিং আক্রমণে বৈচিত্র্য আনা।

"অফ স্পিনারই নেব ভেবেছি বৈচিত্র্যের কথা ভেবে। দলের বোলিং আক্রমণে বৈচিত্র্য প্রয়োজন। তবে স্কোয়াডে আছে বলেই যে খেলবে, এমন তো নয়। দলে সব ধরনের বোলার থাকলে একাদশ নির্বাচন সহজ হয়ে যায়।"

বিসিএলের সবশেষ ম্যাচে মিরপুরে মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ৯ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন শুভাগত। তবে ৬টি টেস্ট খেলেও তার ঝুলিতে উইকেট মাত্র ৮টি, বোলিং গড় ৫২.৬২। ইনিংসে ২ উইকেটের বেশি পাননি একবারও।

আর নির্বাচকদের দৃষ্টিতে এখন মূলত অফ স্পিনার হলেও তার অভিষেক হয়েছিল ব্যাটসম্যান হিসেবে। কিন্তু ব্যাট হাতেও করতে পারেননি তেমন কিছু। ১২ ইনিংসে একবার মাত্র ছূঁয়েছেন অর্ধশত, গড় মাত্র ২২.৬৬।

‘শুভাগত হোম কেন টেস্ট দলে?’ গত কিছুদিন ধরে তুমুল আলোচিত প্রশ্নটি তাই বাংলাদেশের ক্রিকেটে সঙ্গী হচ্ছে অন্তত আরও কিছুদিন।