কোচ-অধিনায়কের চাওয়াতেই দলে জুবায়ের
পাকিস্তান সিরিজে দলে থাকলেও খেলার সুযোগ পাননি জুবায়ের হোসেন। খুব বেশি খেলার সুযোগ পাননি সদ্য সমাপ্ত ঘরোয়া মৌসুমেও। ভারতের বিপক্ষে টেস্টের দলে তার থাকা নিয়ে তাই সংশয় ছিল যথেষ্টই। তবে শেষ পর্যন্ত তিনি টিকে গেছেন দলে। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানালেন, কোচ ও অধিনায়ক খুব করে চেয়েছেন বলেই দলে রাখা হয়েছে তরুণ এই লেগ স্পিনারকে।
"আপনারা জানেন, দল নির্বাচনের সময় আমরা টিম ম্যানেজমেন্টের মতামত নেই। জুবায়েরকে নেওয়ার জন্য কোচ ও অধিনায়কের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছিল। ওকে নিয়ে তাদের একটি পরিকল্পনা আছে। যেহেতু আমরা একসঙ্গে দল বানাই এবং যেহেতু কোচ ও অধিনায়ক তাকে নেওয়ার অনুরোধ করেছেন, তাই আমরা জুবায়েরকে দলে নিয়েছি।"
বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন ফারুক। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে হারা দলটির ওপরই আস্থা রেখেছে তার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।
গুঞ্জন আছে, জুবায়েরকে দলে চেয়ে বিসিবি প্রধান নাজমুল হোসেনের কাছেও নাকি গিয়েছিলেন কোচ ও অধিনায়ক। সংবাদ সম্মেলনে ওঠা সেই প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধান নির্বাচক।
"আমি জানি না ওরা গিয়েছিল কিনা (বোর্ড প্রধানের কাছে)। দল ঘোষণার তিন-চারদিন আগেই আমরা মিটিং করেছি। আমি আগেই বলেছি যে, টিম ম্যানেজমেন্টের দাবির কারণেই ওকে দলে নেওয়া হয়েছে। ওকে নিয়ে কোচ ও অধিনায়কের পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি, সেটা পরে বোঝা যাবে।"
ঢাকা প্রিমিয়ার লিগে জুবায়েরকে খেলানো হয়েছিল মাত্র একটি ম্যাচ। বিসিএলে খেলানো হয়নি একটি ম্যাচেও! পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেললেও তিনি সুযোগ পাননি টেস্টে।
