২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেভারিট অস্ট্রেলিয়ার সামনে উথালপাথাল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে যাওয়া, এরপর অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেওয়া; এই বিশ্বকাপে পাকিস্তানের এমনই উথালপাথাল অবস্থা। চিরকালের অননুমেয় পাকিস্তান এই করতে করতেই উঠে গেছে কোয়ার্টার-ফাইনালে। আর এখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের ফেভারিট অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 11:52 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

শুক্রবার অ্যাডিলেইড ওভালে সহ-আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

এই ম্যাচের আগে অনেকের মতো পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হকও অস্ট্রেলিয়াকে ফেভারিট মেনে নিচ্ছেন। তবে মাঠে নামার আগে হারতে রাজি নন দেশটির লড়াকু অধিনায়ক।

"ফেভারিটরাই ম্যাচ জিতবে, এমন কোনো ধরাবাধা নিয়ম নেই। নির্দিষ্ট দিনে যে দল ভালো পারফর্ম করবে, যে দলের ভালো সুযোগ থাকবে, ভাগ্য ভালো থাকবে, তারা যে কোনো দলকেই হারাতে পারবে।"

নিজের দলের খেলোয়াড়দের সামর্থ্যের ওপরও আস্থা আছে মিসবাহর।

"আমরা আশাবাদী এবং খুব ইতিবাচক। আমি মনে করি, আমরা এমন একটি বোলিং লাইনআপ পেয়েছি, যারা যে কোনো দলকেই অলআউট করতে পারে। কিছু ব্যাটসম্যান আছে, যারা ফর্মে আছে।"

বোলিংয়ে পাকিস্তানের সবচেয়ে বড় ভরসার নাম ওয়াহাব রিয়াজ। এই বিশ্বকাপে সবচেয়ে গতিতে বল করে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বারবারই ঘাবড়ে দিয়েছেন এই ফাস্ট বোলার। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি এমন কিছু করবেন বলেই বিশ্বাস অনেকের।

শেষ আটের এই ম্যাচের আগে পাকিস্তানের নড়বড়ে ব্যাটিং লাইনআপকে স্থিতি দেন সরফরাজ আহমেদ। তরুণ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শতক করেন।

অন্যদিকে, অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রমাণ দিয়েছে বরাবরের মতো এবারও তারা কেন ফেভারিট। মিচেল স্ট্যার্ক আর গ্লেন ম্যাক্সওয়েলেই মূলত দুর্দম্য হয়ে উঠেছে মাইকেল ক্লার্কের দল।

বল হাতে বিশ্বকাপের শুরু থেকেই অসাধারণ খেলা স্ট্যার্ক গ্রুপ পর্ব শেষে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। আর ব্যাট হাতে ম্যাক্সওয়েল আছেন দারুণ ছন্দে। এ দুজন জ্বলে উঠলে যে কোনো দলকেই হারাতে পারে অস্ট্রেলিয়া।

স্ট্যার্ক-ম্যাক্সওয়েলদের মতো দারুণ ছন্দে আছেন অস্ট্রেলিয়ার অন্য খেলোয়াড়রাও। তারপরও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক দলটির অধিনায়ক। 'জেগে ওঠা' পাকিস্তানেই বড় ভয় ক্লার্কের।

"আমি মনে করি, বিশেষ করে সংক্ষিপ্ততর সংস্করণে পাকিস্তানকে লম্বা সময় ধরে ছোট করে দেখা হয়েছে। আমার মতে, তাদের প্রচুর প্রতিভা আছে। তাদের আক্রমণ খুব ভালো এবং টুর্নামেন্ট জুড়ে তারা এটা দেখিয়েছে।"

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে দুই দল সমানে সমান। বিশ্বকাপে এ পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। চারটি করে ম্যাচ জিতেছে দুই দল। সব মিলিয়ে অ্যাডিলেইডে রোমাঞ্চকর একটি লড়াই দেখার অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব। 

পুরনো খবর:

একাদশ নিয়ে নিশ্চুপ মিসবাহ
পাকিস্তান ম্যাচকে ‘ফাইনাল’ ধরছেন ক্লার্ক
অস্ট্রেলিয়াকেই 'ফেভারিট' মানছেন মিসবাহ
পাকিস্তানকে হারাতে ওয়াহর শরণাপন্ন অস্ট্রেলিয়া
বিশ্বকাপে সম্ভাবনা জেগেছে আজমলের