২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে হারাতে ওয়াহর শরণাপন্ন অস্ট্রেলিয়া

পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে উঠতে বিশ্বকাপ জয়ী স্টিভ ওয়াহর শরণাপন্ন হয়েছে অস্ট্রেলিয়া দল। বড় ম্যাচের চাপ সামাল দেয়ার পরামর্শ এই কিংবদন্তির কাছ থেকে নেওয়ার কথাও জানিয়েছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 12:33 AM

Updated : 12 Oct 2022, 03:27 PM

অ্যাডিলেইডে আগামী শুক্রবার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে ওয়ানডের দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। সর্বশেষ ২০০৭ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন। আর পাকিস্তান তাদের একমাত্র বিশ্বকাপ জয় করে ১৯৯২ সালে।

১৯৯৯ সালে পাকিস্তানকে হারিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেন ওয়াহ। লর্ডসের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ওয়াহদের সেই অভিজ্ঞতা এবার অ্যাডিলেইডে কাজে লাগাতে চাইছে ক্লার্কের অস্ট্রেলিয়া।

ফিঞ্চ বুধবার জানান, ওয়াহর সঙ্গে রাতের খাবার খেয়েছেন তারা এবং খাবার টেবিলে সাবেক অধিনায়কের কাছে কিছু প্রশ্ন করেন তার সতীর্থরা। ওয়াহও সে সব প্রশ্নের উত্তর দেন। অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান জানান, ওয়াহ বলেছেন, তাদের (ফিঞ্চ-ক্লার্কদের) ভালো করতে চাওয়ার কারণেই চাপ আছে। 

চার ম্যাচে জিতে বিশ্বকাপের একাদশ আসরের কোয়ার্টার-ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে ক্লার্কদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। গ্রুপ পর্বে একমাত্র নিউ জিল্যান্ডের কাছে হারে বিশ্বকাপের অন্যতম আয়োজকরা।

অন্যদিকে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর টানা চার ম্যাচ জিতে শেষ আটে ওঠে পাকিস্তান। ঘুরে দাঁড়ানো মিসবাহদের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথাও জানান ফিঞ্চ।