অস্ট্রেলিয়াকেই 'ফেভারিট' মানছেন মিসবাহ
বিশ্বকাপ শুরুর আগেই অস্ট্রেলিয়াকে ফেভারিট তকমা দিয়ে দিয়েছিল ক্রিকেট পণ্ডিতরা। কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে নামার আগে মিসবাহ-উল হকও তাদের সঙ্গে কন্ঠে মেলালেন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকেই ফেভারিট মেনে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
অ্যাডিলেইড ওভালে বিশ্বকাপের সহ-আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি হবে আগামী শুক্রবার।
দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। শুরু থেকেই ধুঁকতে থাকা পাকিস্তান গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে শেষ আটে ওঠে।
দুই দলের কোয়ার্টার-ফাইনালের আগে স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছে অনেকেই। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে পাকিস্তানের সংবাদ সম্মেলনে মিসবাহর কাছে প্রসঙ্গটি তোলা হয়। পাকিস্তান অধিনায়কও অন্য অনেকের সঙ্গে একমত হন।
"হ্যাঁ, তারা ফেভারিট।"
অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন ঠিক, তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা; সেটাও সবাই মনে করিয়ে দেন মিসবাহ।
"ফেভারিটরাই ম্যাচ জিতবে, এমন কোনো ধরাবাধা নিয়ম নেই। নির্দিষ্ট দিনে যে দল ভালো পারফর্ম করবে, যে দল ভালো সুযোগ থাকবে, ভালো ভাগ্য থাকবে; তারা যে কোনো দলকেই হারাতে পারবে।"
আর এ কারণেই ফেভারিট অস্ট্রেলিয়াকে পাকিস্তান হারাতে পারবে বলে বিশ্বাস করেন মিসবাহ।
"আমরা আশাবাদী এবং খুব ইতিবাচক। আমি মনে করি, আমরা এমন একটি বোলিং লাইনআপ পেয়েছি যারা যে কোনো দলকেই অলআউট করতে পারে। কিছু ব্যাটসম্যান আছে, যারা ফর্মে আছে।"
সব মিলিয়ে অ্যাডিলেইড ওভালে ভালো খেলা উপহার দেওয়ার প্রত্যয় পাকিস্তানের। তারা এই ম্যাচটির জন্য উন্মুখ হয়ে আছে বলে জানান মিসবাহ।
