পাকিস্তান ম্যাচকে ‘ফাইনাল’ ধরছেন ক্লার্ক
শুরুর ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানো পাকিস্তানের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি ‘ফাইনাল’ মনে করেই মাঠে নামার কথা জানিয়েছেন মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়া অধিনায়ক জানান, মিসবাহদের হারিয়ে সেমি-ফাইনালে উঠতে হলে অ্যাডিলেইডে সেরা ক্রিকেটেই খেলতে হবে।
অ্যাডিলেইড ওভালে শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বিশ্বকাপের দুই সাবেক চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া বিশ্বকাপের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন। একাদশ আসরের অন্যতম আয়োজক দেশটি এবারো ফেভারিট। ১৯৯৯ সালের বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর স্মৃতি নিয়ে অ্যাডিলেইডে নামবে ক্লার্কের দল।
অবশ্য ‘ফেভারিট তত্ত্ব’ উড়িয়ে দিয়ে আগের দিন সাংবাদিকদের ক্লার্ক বলেন, “ওহ, কে ফেভারিট এটা এখন অপ্রাসঙ্গিক। আপনাকে সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা আসলেই এ ম্যাচে তাকিয়ে আছি। এটাকে ফাইনালের মতো গুরুত্ব দিচ্ছি আমরা এটা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ।”
“হারলে আপনাকে আসরের বাকিটা অবশ্যই বসে বসে দেখতে হবে। তাই আগামীকাল এখানে আমরা সাফল্য পাওয়া নিশ্চিত করার ওপর দৃষ্টি দিচ্ছি”, যোগ করেন তিনি।
ক্লার্ক জানান, নবীন ও প্রবীনের সমন্বয়ে গড়া পাকিস্তান দলে অনেক মেধাবী ক্রিকেটার আছে এবং মিসবাহরা তাদের সামর্থ্য বিশ্বকাপের একাদশ আসরে এরই মধ্যে দেখিয়েছে। তাই ১৯৯২-এর বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অ্যাডিলেইডের লড়াইটা কঠিন হবে বলে মনে করেন তিনি।
“আমি মনে করি, আগামীকালের ম্যাচটি আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে এবং আমি বিশ্বাস করি, তাদেরকে হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে।”
শক্তির বিচারে অ্যাডিলেইডের লড়াইয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও ক্লার্ক প্রতিপক্ষের পেস বোলিং লাইনআপকে যথেষ্ট সমীহ করছেন। অস্ট্রেলিয়া অধিনায়ক মনে করেন, বাঁহাতি ও ডানহাতির মিশেলে পাকিস্তানের বোলিং লাইনআপ খুবই ভালো।
ব্যাটিং লাইনআপে পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান ক্লার্ক। অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ইনিংস উদ্বোধনে নামবেন, গ্লেন ম্যাক্সওয়েল পাঁচে নামবে বলেও জানান তিনি।
চোটের কারণে এ ম্যাচে পাকিস্তান পাচ্ছে না অন্যতম সফল পেসার মোহাম্মদ ইরফানকে। তবে এ নিয়ে ভাবছেন না ক্লার্ক। দুই দলের শক্তি ও দুর্বলতার ব্যবধান নিয়েও ভাবছেন না তিনি। প্রতিটি দলেরই দুর্বল ও শক্তির দিক আছে উল্লেখ করে ক্লার্ক জানান, পাকিস্তানের দুর্বলতা খুঁজে বের করে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবেন তারা।
