২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে সম্ভাবনা জেগেছে আজমলের

পাকিস্তানের স্পিনার সাইদ আজমলের অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে খেলার সম্ভাবনা জেগেছে। মিসবাহরা সেমি-ফাইনালে উঠলে পাকিস্তানের বিশ্বকাপ দলে ফিরতে পারেন আজমল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 10:35 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

মোহাম্মদ ইরফান চোটে পড়ায় বিশ্বকাপ দলে নতুন একজনকে নিতে পারবে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান বুধবার জানান, ইরফানের জায়গায় সুযোগ পেতে পারেন আজমল।

অবশ্য আজমলের বিশ্বকাপের একাদশ আসরে খেলার সম্ভাবনা নির্ভর করছে মিসবাহর দলের সেমি-ফাইনালে ওঠার ওপর।

“যদি পাকিস্তান সেমি-ফাইনালে ওঠে, তবে একজনকে পাঠানো হবে এবং সে আজমল হতে পারে।”

“এটা আবার জুনাইদ খানও হতে পারে। যখন জুনাইদ ও মোহাম্মদ হাফিজ চোটে পড়েছিল, তখন আমি নির্বাচক কমিটিকে আজমলকে নেওয়ার সুপারিশ করেছিলাম কিন্তু তারা তারা একজন ফার্স্ট বোলার এবং উদ্বোধনী ব্যাটসম্যান চেয়েছিল”, যোগ করেন তিনি।

গত ডিসেম্বরে বিশ্বকাপের জন্য ঘোষণা করা পাকিস্তানের প্রাথমিক দলে ছিলেন আজমল। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত না থাকায় সরে দাঁড়িয়েছিলেন সে সময় বোলিং ভঙ্গির কারণে নিষিদ্ধ থাকা আজমল। বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়।