মেলবোর্ন মাতাবে বাংলাদেশের সমর্থকরাও
মেলবোর্নমুখী এখন সারা অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জনস্রোত! সিডনি-ক্যানবেরা-ব্রিসবেন-অ্যাডিলেইডসহ নানা শহর থেকে গাড়ি চালিয়ে, ট্রেনে-বাসে করে ইয়ারা নদী তীরের শহরে এসে পৌঁছুতে শুরু করেছেন হাজার হাজার বাংলাদেশি। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের জীবনে এমন ঘটনা আগে কখনো আসেনি। এখানকার হোটেলগুলোতে ঠাঁই নেই অবস্থা। কারণটা সবারই জানা, বৃহস্পতিবার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।
মেলবোর্নের খুব কম প্রবাসী বাংলাদেশি পরিবার পাওয়া যাবে যেখানে এক দু'জন মেহমান এসে ওঠেননি। প্রাণের বাংলাদেশ যে মেলবোর্নে খেলবে, তা নিয়ে প্রশান্তপাড়ের দেশটার বাংলাদেশিদের আগ্রহ-আয়োজন-প্রস্তুতির শেষ যেন নেই।
খেলার আগে মেলবোর্নের টিএসসি ফেডারেশন স্কোয়ারে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারতের সংস্কৃতি তুলে ধরার অনুষ্ঠান। এ নিয়ে বাংলাদেশিদের প্রস্তুতি দেখতে হিডেন ভ্যালি এলাকার এক বাড়িতে গিয়ে দেখা যায় মহা আয়োজন! 'চার ছক্কা হৈ হৈ বল গড়াইয়া গেল কই' সহ নানা গানের তালে তালে নাচছিলেন একদল শিল্পী। 'শ্রোতার আসর' নামের একটি সংগঠন ফেডারেশন স্কোয়ারে বাংলাদেশকে তুলে ধরার দায়িত্ব নিয়েছে। এর সংগঠকদের অন্যতম জায়েদি সজীব এর আগে তার গান-নাচের দল সহ অ্যাডিলেইড ওভাল মাতাতেও গিয়েছিলেন। সজিব জানালেন তারা মঞ্চে পোশাকে-নকশায়-মুদ্রায়-সঙ্গীতে যা বেশি তুলে ধরবেন, তা আমাদের লাল সবুজ জাতীয় পতাকা। কারণ এই পতাকার জোরেই বাংলাদেশিরা আজ অস্ট্রেলিয়ায়, বাংলাদেশ ক্রিকেট দল মেলবোর্নে।
প্রবাসী ব্যবসায়ী আজমাল হুদা বলেন, "এর আগে শ্রীলংকার কাছে এমসিজিতে বাংলাদেশ হারালেও বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে ভিন্ন এক উম্মাদনার সৃষ্টি হয়েছে। বিক্রি হয়ে গেছে সব টিকেট। বাংলাদেশের সব লোকজন জার্সি পরে মাঠে যাবেন। আমাদের গাড়িতে-বুকে থাকবে জাতীয় পতাকা। আবার এমসিজিতে জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি' গাইতে গিয়ে আমরা আনন্দে কাঁদব।"
এমসিজির ট্যুর অপারেটর ইভান বলেন, "ভারত খেললে দর্শক হবে জানতাম, কিন্তু এত বাংলাদেশি যে খেলার টিকেটের জন্য এভাবে হুমড়ি খেয়ে পড়বে, তা আগে ভাবিনি। এমন ক্রিকেট উন্মাদনার কারণে বৃহস্পতিবারের ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শক হবে বলে তারা মনে করছেন।"
