২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা অধিনায়কের  

ভারতের সঙ্গে সেমি-ফাইনালে ওঠার লড়াইটা জমজমাট হবে বলেই প্রত্যাশা করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 06:09 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেমি-ফাইনালে উঠার লড়াইয়ে মহেন্দ্র সিং ধোনির দলের মুখোমুখি হবেন মাশরাফিরা। তার আগের দিন মাশরাফি জানান, ভালো খেলতে মুখিয়ে আছে বাংলাদেশের ক্রিকেটাররা।

“আমরা এখানে কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ খেলেছি। আমার মনে হয়, এর পুরো কৃতিত্ব ছেলেদের। ওরা গত দুই মাসে যেভাবে অনুশীলন করেছে, যেভাবে এই ধরনের উইকেটে দ্রুত মানিয়ে নিয়েছে, (কোয়ার্টার-ফাইনালে) রোমাঞ্চকর ম্যাচ হবে।”

জিম্বাবুয়ে সিরিজের আগে গত বছর ওয়ানডেতে কোনো জয় ছিল না বাংলাদেশের। এই সময়ে আফগানিস্তানের কাছেও হারের লজ্জায় পড়তে হয় তাদের। নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অধিনায়কের বিশ্বাস, ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন তারা।

“গত বছরটা আমাদের কঠিন গেছে। ভালো ক্রিকেট খেলতে পারিনি বলে নয়, শেষটা ভালো করতে পারিনি বলে। এ কারণে গত বছর আমরা বেশিরভাগ ম্যাচ হেরেছি। এখন আমরা বিশ্বকাপের দিকে মনোযোগ দিচ্ছি।”

মাশরাফির দলে আছেন সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দেশসেরা পেসার জানান, সাবেক অধিনায়কদের উপস্থিতি কোনো সমস্যা তৈরি করে না। মাঠে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেন তারা। পুরো দল সবসময়ই একাট্টা।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে একটু চাপেই ছিল বাংলাদেশ। সেই ম্যাচে জয়ের পর চাপটা দূরে সরে যায়; তখন থেকে বিশ্বকাপ উপভোগ করছেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষেও উপভোগের মন্ত্রই শোনালেন অধিনায়ক।

“আমাদের হারানোর কিছু নেই। কালকের জন্য সেরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি। যেন সেরা ক্রিকেট খেলতে পারি। কালকের ম্যাচ আমরা সবাই উপভোগ করতে চাই।”

বিশ্বকাপের আগে খুব একটা ভালো অবস্থায় ছিল না ভারত দল। ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচে জয় পায়নি তারা। কিন্তু ওয়ানডের সেরা টুর্নামেন্টে ভিন্ন চেহারায় দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির দলকে।

মাশরাফি জানান, সব দিক বিবেচনা করেই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনাল বাধা পার হতে পরিকল্পনা বাস্তবায়নের দিকে বেশি গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক।

পুরনো খবর:

ভারতের বিপক্ষেই জ্বলে উঠতে চান সাকিব
ভারতকে জুটি গড়তে দিতে চায় না বাংলাদেশ
আইপিএল অভিজ্ঞতায় ভারত বধের স্বপ্ন সাকিবের
'মেলবোর্নে জিততে বড় স্কোর চাই'