আইপিএল অভিজ্ঞতায় ভারত বধের স্বপ্ন সাকিবের
ভারতের ঘরোয়া ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধোনি-কোহলিদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এবার বিশ্বকাপের মঞ্চে কাজে লাগাতে চান সাকিব আল হাসান।
আইপিএলের দল কলকাতা নাইট রাউডার্সে খেলেছেন সাকিব। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার জানান, ভারতের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা তিনি সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করবেন।
“অবশ্যই আইপিএল খেলার মাধ্যমে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটা সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করব এবং সেটা যদি আমাদের খেলোয়াড়দের সাহায্য করে, তাহলে তো অনেক ভালো হবে।”
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ। এবারই প্রথম বিশ্বকাপের শেষ আটে ওঠার উচ্ছ্বাসে উড়ছে বাংলাদেশ।
টানা ছয় জয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা ভারত ওয়ানডের বর্তমান চ্যাম্পিয়নও। শক্তির বিচারে এগিয়ে ধোনির দল। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের সম্ভাবনার প্রশ্নে ইতিবাচক সাকিব।
বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়নার মতো ব্যাটসম্যান থাকায় ভারতের ব্যাটিং লাইনআপের শক্তি সমীহ করার মতো।
মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদের উপস্থিতিতে বাংলাদেশের পেস বোলিং লাইনআপও যথেষ্ট শক্তিশালী। সাকিব দরকারের সময়ে দারুণ ব্রেক থ্রু এনে দিতে পারেন।
ভারতের ব্যাটিং লাইনআপের বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথা অবশ্য মঙ্গলবার জানাতে রাজি হননি সাকিব। তিনি শুধু বলেন, “অবশ্যই একটা পরিকল্পনা করেই তো সবাই মাঠে নামে।”
প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপের প্রশংসা করলেও সাকিব জানান, শুরুটা ভালো করলে আর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো ফলের সুযোগ থাকবে তাদেরও।
