২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন ছুঁয়ে গেছে মাশরাফিদেরও

প্রথমবারের মতো নকআউট পর্বে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। লক্ষ্য পূরণ হওয়ায় এখন বেড়েছে স্বপ্নের পরিধি; এখন শেষ চারের স্বপ্নের জাল বুনছেন সবাই। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বীকার করেছেন, স্বপ্ন ছুঁয়ে গেছে তাদেরও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 05:50 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বুধবার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “স্বপ্ন সবাইকে ছুঁয়ে যায়। প্রথম স্বপ্ন ছিল, কোয়ার্টার-ফাইনালে যেতে পারবো কী না। এখন স্বপ্ন সেমি-ফাইনালে যেতে পারবো কী না। এগুলো আসবেই, এটাই স্বাভাবিক।”

স্বপ্ন দেখছেন মাশরাফিরাও তবে তাদের মূল মনোযোগ খেলার দিকেই। দেশসেরা পেসার বলেন, “আমরা খেলার দিকে মনোযোগ দিচ্ছি। ভালো খেললে সুযোগ থাকবেই।”

সৌম্য সরকার, সাব্বির রহমানের মতো তরুণরা এগিয়ে এসেছেন। তাদের ব্যাটিং নির্ভরতা যোগাচ্ছে দলকে, সুস্থির হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

তরুণরা এগিয়ে আসায় দারুণ খুশি মাশরাফি। বাংলাদেশের অধিনায়ক বলেন, “দলের সবাই ভালো খেলছে, সবাই অনুপ্রাণিত আছে। তরুণ খেলোয়াড়রাও পারফর্ম করছে, ওরাও এগিয়ে এসেছে।”

বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ভার খেলবে বাংলাদেশ। মাশরাফি বলেন, “আমাদের ভয়ের কোনো কারণ নেই, আমরা করছিও না। আমরা যা প্রত্যাশা করছিলাম, তেমনই খেলছি। কালও তাই করার চেষ্টা করব।”

২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। সেই দলে ছিলেন শচিন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়রা। সেই দলের সঙ্গে ভারতের এই দলকে মেলাতে চান না মাশরাফি। সেই ভালো স্মৃতি সঙ্গে নিয়ে আবার জয় চান তিনি।

পুরনো খবর:

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত ম্যাচ
ভারতের বিপক্ষেই জ্বলে উঠতে চান সাকিব
ভারতকে জুটি গড়তে দিতে চায় না বাংলাদেশ
আইপিএল অভিজ্ঞতায় ভারত বধের স্বপ্ন সাকিবের
'মেলবোর্নে জিততে বড় স্কোর চাই'