'বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ ভারতের ব্যাটিং'
ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বল করা বাংলাদেশের বোলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) কোয়ার্টার-ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন মাশরাফি বলেন, “উইকেট ফ্ল্যাট হবে। আমাদের ভালো বল করতে হবে। ভারতের ব্যাটসম্যানদের বল করা বোলারদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
মাশরাফির বিশ্বাস, এমসিজির উইকেটে প্রচুর রান হবে। গত ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে যে উইকেটে খেলেছিল বাংলাদেশ, কোয়ার্টার-ফাইনাল হতে পারে সেটাতেই।
“ভারত দলের বিপক্ষে কত রান করলে সুবিধা হবে, বলা কঠিন। কারণ, ওদের ব্যাটিং লাইন খুব শক্তিশালী। ওরা লক্ষ্য তাড়া করতে পছন্দ করে। আমার বিশ্বাস, সব মিলিয়ে ভালো করলে আমাদেরও সুযোগ থাকবে।”
বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে ও সুরেশ রায়নার মতো ব্যাটসম্যান আছেন ভারত দলে। তবে প্রতিপক্ষের অধিনায়ককেই অন্যদের চেয়ে এগিয়েই রাখছেন মাশরাফি।
“ধোনি অসাধারণ; গত পাঁচ/ছয় বছর বা তারও বেশি সময় ধরে ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে ভারতের জন্য সম্ভাব্য সব কিছুই করেছে সে। সে সত্যিকারের ম্যাচ উইনার। ভারতের ব্যাটিং লাইনআপকে আমার বিশ্বসেরা মনে হয়। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে।”
টানা ছয় জয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে আসা ভারত দলকে এগিয়ে রাখছেন মাশরাফি।
“পরিষ্কারভাবে ওরা সব দিক থেকে এগিয়ে আছে। ভালো ম্যাচের জন্য ওদের সঙ্গে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ইংল্যান্ড, নিউ জিল্যান্ডের বিপক্ষে যেভাবে ব্যাট করেছি, আমাদের সেভাবে ব্যাট করতে হবে।”
