এমন দিনে তামিমের 'ক্যাচ মিস' কে মনে রাখে!
ক্যাচ 'মিস' তো ম্যাচ 'মিস'-ক্রিকেটে এটা অনেকটা চিরন্তন সত্য বলেই ধরে নেওয়া হয়েছে। ভাগ্যিস, বাংলাদেশ এমন একটি বিপর্যয়ের পরও বেঁচে গেছে। তামিম ইকবাল ক্রিস ওকসের মহামূল্যবান একটি ক্যাচ ছাড়ার করার পরও জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
এদিন আসলে বেঁচে গেলেন তামিমও। সোমবার বাংলাদেশ ইংল্যান্ডের কাছে হেরে গেলে দিন শেষে ওকসের ওই ক্যাচ না নিতে পারাটাই হয়ে যেত ম্যাচের 'টার্নিং পয়েন্ট'।
৪৮তম ওভারে তাসকিন আহমেদের করা চতুর্থ বলে লং অনে ক্যাচ দেন ওকস। বলের লাইনে গিয়েও ক্যাচটি নিতে পারেননি তামিম। ইংল্যান্ড তখন ৮ উইকেটে ২৫৫ রান। জয়ের জন্য তখন আর ২১ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের।
তামিমের ওই ক্যাচ ছাড়ার বলটিতে ২ রান পায় তারা। শেষ দুই বলে আরও দুটি রান নেয় তারা।
তামিমের হাত গলে বলটি বেরিয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন, ম্যাচটিই সম্ভবত হাত ফসকে পড়ে গেল। ধারাভাষ্যকাররাও এমনই বলছিলেন। ক্রিকইনফোর ধারাবিবরণীতেও তাই লেখা হয়।
তবে পরের ওভারে ৩ বলের মধ্যে ২ উইকেট নিয়ে খেলা শেষ করে দেন রুবেল হোসেন।
ম্যাচ শেষে ওই ক্যাচ ছাড়ার প্রসঙ্গটি আসে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যা বলেন, এর অর্থ এটাই দাঁড়ায়-এমন দিনে কে আর ক্যাচ ছাড়ার কথা মনে রাখে!
"তামিম আমাদের সেরা ফিল্ডারদের একজন। ক্রিকেটে এমনটা হতেই পারে। এর জন্য ও নিজেও কষ্ট পেয়েছে। তবে এগুলো নিয়ে আমরা এখন আর ভাবছি না। এটা মনে রাখার আর কী দরকার! আমরা ম্যাচ জিতেছি, এটাই বড়।"
ম্যাচ সেরা মাহমুদুল্লাও অধিনায়কের কণ্ঠেই কণ্ঠ মেলান।
