২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দয়া করে পেসারদের সম্মান জানান’

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে 'বড় জয়ে' অবদান কম নয় বাংলাদেশের পেসারদের। অধিনায়ক মনে করছেন, তার সতীর্থ পেসারদের সম্মান জানানোর সময় এসেছে এবার।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 10:31 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

সোমবার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক পেসারদের প্রতি তার দারুণ আস্থার কথা জানান।

“বলতে হচ্ছে বলে দুঃখিত, অনেকে আমাদের পেস বোলিং নিয়ে খুব আজেবাজে কথা বলেন। আমরা জানি, আমরা কি; আমাদের সামর্থ্য কতটা। আমার মনে হয়, এখন আমাদের পেসার প্রতি সম্মান জানানোর সময় এসেছে।”

ইংল্যান্ডের বিপক্ষে আট উইকেট নেন বাংলাদেশের তিন পেসার। রুবেল হোসেন ও তাসকিন আহমেদদের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানান দেশসেরা পেসার।

“আমাদের পেসারদের নিয়ে আমি খুশি। বিশ্বকে ওরা দেখিয়েছে, ওরা কতটা ভালো। আশা করি, এটা ওদের আত্মবিশ্বাসী করবে এবং বিশ্ব মঞ্চে বারবার এর পুনরাবৃত্তি করবে। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে পেসারদের কিছুটা সম্মান জানান।”

৫৩ রানে চার উইকেট নেয়া রুবেলের পারফম্যান্সে দারুণ খুশি মাশরাফি। তিনি বলেন, “রুবেল অসাধারণ এক জন বোলার। মিডঅফ বা মিডঅন থেকে ওর বল দেখার মতো একটা ব্যাপার। ও সুইং করাতে পারে, অনেক জোরে বল করতে পারে।”

জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, ক্রিস জর্ডানরা থাকার পরও ম্যাচে সবচেয়ে দ্রুতগতিতে বল করার কৃতিত্ব রুবেলের।

“আমি খুশি, রুবেল সমস্ত চাপ নিজের কাঁধে নিয়েছে এবং দারুণ বল করেছে। বিশ্বকাপ শুরুর আগে সে খুব চাপের মধ্যে ছিল। সেই চাপ পেছনে ফেলে পারফরম করেছে। বিশ্বকে দেখিয়েছে সে কতটা ভালো।”

দেশের মাটিতে সাফল্য পেতে স্পিনারদের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশ। আমূল পরিবর্তনের পক্ষে নন মাশরাফি, তবে এই মানসিকতায় পরিবর্তন চান তিনি।

দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ ছয় উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে রুবেলের। অভিষেকে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেন তরুণ তাসকিন।

ইংল্যান্ডের বিপক্ষে মাশরাফি ও তাসকিন দুটি করে উইকেট নেন। তবে অধিনায়কের প্রশংসা বেশি পেলেন রুবেলই।

“ওদের ভালো একটা জুটি হওয়ার পর রুবেল ‘ব্রেক থ্রু’ দিল। কারা উইকেটে ছিল তা কোনো ব্যাপার নয়। সেই ওভারেই শেষ দুটি উইকেট নেয়া দরকার। যেভাবে সে বল করেছে, তার শারীরিক ভাষা যেমন ছিল তাতে আমি খুশি।”