২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড কোচের মাহমুদুল্লাহ স্তুতি

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদের খেলা শতকের ইনিংসটি দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছে। তাই ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় প্রতিপক্ষের এই অলরাউন্ডারের আলাদাভাবে প্রশংসা করলেন ইংল্যান্ড কোচ পিটার মুরস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 09:56 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

সোমবার অ্যাডিলেইড ওভালে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে দারুণ এক শতকের ইনিংস উপহার দেন মাহমুদুল্লাহ। ১৩৮ বলে খেলা ১০৩ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারের ব্যাটিংয়ের প্রশংসা করেন মুরস।

“আমি মনে করি, তারা আসলেই ভালো খেলেছে। আমি মনে করি, যে শতকটা সে (মাহমুদুল্লাহ) করেছে, তা ভালো শতক ছিল।”

অ্যাডিলেইডের উইকেটে রান থাকার কথা আগের দিন দুই অধিনায়ক বলেছিলেন। তবে মাহমুদুল্লাহর ইনিংসটির প্রশংসা করতে গিয়ে উইকেট নিয়ে ভিন্ন কথাই বললেন ইংল্যান্ড কোচ।

“আমি মনে করি, সে (মাহমুদুল্লাহ) উইকেট সঠিক খেলাটাই খেলেছে। কেননা, শট খেলার জন্য এটা কঠিন পিচ ছিল।”

আট রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের সঙ্গে দুটি মূল্যবান জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন মাহমুদুল্লাহ। সৌম্যর সঙ্গে তৃতীয় উইকেটে ৮৬ ও পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে জোটবদ্ধ হয়ে ১৪১ রান তোলেন তিনি।

বিশ্বকাপে এটাই বাংলাদেশের যেকোনো জুটির সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ছিল স্কটল্যান্ডের বিপক্ষে গত বৃহস্পতিবার মাহমুদুল্লাহ-তামিমের তোলা ১৩৯ রান। কোণঠাসা বাংলাদেশকে জুটি গড়ে টেনে নেওয়ায় মুরসের বাড়তি প্রশংসা পেলেন মাহমুদুল্লাহ।

“আমি মনে করি সে এটা করেছে এবং এটা ছিল খুবই ভালো জুটি।”

বাংলাদেশের তোলা ২৭৫ রানের জবাবে ২৬০ রানে থেমে যায় ইংল্যান্ড। বাচাঁ-মরার লড়াইয়ে হেরে বিশ্বকাপের একাদশ আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ওয়েন মর্গ্যানের দল। তবে হারলেও মাশরাফি বিন মুর্তজার দলের প্রশংসা করতে ভোলেননি মুরস।

“এই মুহূর্তে আমরা আমাদের পারফরম্যান্সের ঘাটতিটা বুঝতে পারছি, কিন্তু বাংলাদেশেকে তাদের প্রাপ্যটা দিচ্ছি, তারা ভালো খেলেছে।”

পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পুল ‘এ’ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে তিনটি জয় ও একটি হার মাশরাফিদের। আর অস্ট্রেলিয়ার বিপক্ষের তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।