২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিকতায় সন্তুষ্টি অধিনায়কের

প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে পৌঁছে খুশি তো হবেনই মাশরাফি বিন মুর্তজা। তবে অধিনায়ক সবচেয়ে বেশি খুশি বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্সে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2015, 10:15 PM

Updated : 25 Apr 2022, 01:06 PM

সোমবার অ্যাডিলেইড ওভালে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করতে পেরে দারুণ খুশি তিনি।

“আমাদের ক্রিকেটের জন্য (এই জয়) গুরুত্বপূর্ণ। দেশে সবাই আশা করছিল, আমরা কোয়ার্টার-ফাইনালে যাব। কিন্তু অস্ট্রেলিয়ায় এটা কত কঠিন সেটা আমরা জানতাম। এমসিজি, অ্যাডিলেইড ওভালের মতো মাঠে খেলার সুযোগ পাই না। এটা খুব কঠিন ছিল। তবে ছেলেরা আত্মবিশ্বাসী ছিল, ওরা কঠিন পরিশ্রম করেছে।”

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফিদের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও স্কটল্যান্ডে বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নেয় তারা।  

জয়ের পর স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত মাশরাফি।

“এটা দারুণ জয়। ধারাবাহিকতার অভাব আমাদের বড় সমস্যা ছিল। এই বিশ্বকাপে সেই সমস্যা হয়নি। পাঁচ ম্যাচে আমরা ধারাবাহিক ক্রিকেট খেলেছি। এটা আমাদের অন্যতম সেরা জয়। এখান থেকে এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।”

মাশরাফি জানান, বিশ্বকাপের দুই সহ-আয়োজক অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়ায় কোয়ার্টার-ফাইনালে যাওয়ার পথটা বেশ কঠিন ছিল তাদের জন্য।

“এই কন্ডিশনে বিশ্বকাপের মতো মঞ্চে এমন একটা জয়, আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া। সবার মনের মধ্যে একটা ভয় কিন্তু সব সময়ই ছিল, এই কন্ডিশনে আমরা পারব কী না।”

ওয়ানডেতে ৮৮তম জয় এটা। তবে কোনো জয়কেই পিছিয়ে রাখতে রাজি নন মাশরাফি।

“কোনো জয়কে ছোট করা খুব কঠিন। প্রতিটি জয় আমাদের জন্য অনেক আনন্দদায়ক ছিল। তবে এটা আসলেই আমাদের জন্য দারুণ একটি মুহূর্ত।”