২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে নিজেকে চেনাতে চান তাসকিন

বিশ্বকাপের বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে চান তাসকিন আহমেদ। প্রথম আসরেই স্মরণীয় কিছু করতে চান বলে জানালেন তরুণ এই পেসার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 07:42 PM

Updated : 12 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

বিশ্বকাপে নাসির সাব্বির সৌম্য, অধিনায়ক মাশরাফি
বোলিংয়েও অবদান রাখতে চান সৌম্য
সংশয় কাটল আল-আমিনের
বিশ্বকাপ দলে ডাক পেয়ে রোমাঞ্চিত সানি
দলে ফিরে এবার ভালো খেলার লক্ষ্য নাসিরের
বিশ্বকাপে সেরা দশে থাকার লক্ষ্য তাইজুলের

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণার পর সাংবাদিকদের তাসকিন বলেন, “বিশ্বকাপ দলে নিজের নাম দেখে খুব ভাল লেগেছে। এখন লক্ষ্য হচ্ছে, একাদশে জায়গা পাওয়া। আর সুযোগ পেলে চেষ্টা করবো সেরাটা খেলে নিজেকে প্রমাণ করতে। চেষ্টা করব নিজেকে বিশ্বের কাছে চেনানোর।”

হঠাৎ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তাসকিন। এবার ‘আসল’ বিশ্বকাপ। এখানে সুযোগ পেয়ে রোমাঞ্চিত এই পেসার।

“বিশ্বকাপ দলে থাকা আমার জন্য অনেক বড় অর্জন। টি-টোয়েন্টি বিশ্বকাপে হঠাৎ করে খেলে মোটামুটি ভালোই করেছিলাম। এখন সামনে আসল বিশ্বকাপ, সব বড় বড় প্রতিপক্ষ। সুযোগ পেলে আমি স্মরণীয় কিছু করতে চাই।”

গত জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। প্রথম ম্যাচেই ৫ উইকেট নেন এই পেসার। মাত্র তিনটি ওয়ানডে খেললেও এই পেসার বিশ্বকাপ দলে মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল-আমিন হোসেনের সঙ্গী হয়েছেন।

“প্রথম স্বপ্ন ছিল বাংলাদেশ দলে খেলার। সেই স্বপ্ন পূরণের পর, আস্তে আস্তে স্বপ্ন বেড়ে যাচ্ছে। এখন আরো একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এখানে (বিশ্বকাপে) যদি ভাল করতে পারি অনেক বড় একটা অর্জন হবে।”

অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন তাসকিন। কন্ডিশন ও উইকেট সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার।

“স্পোর্টিং উইকেটে খেলা হবে। ব্যাটিং ও বোলিং দুইটার জন্যই ভালো হবে। ভালো জায়গায় বল করলে উইকেট পাওয়া সম্ভব হবে।”