২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংশয় কাটল আল-আমিনের

গত বছরটা ভালো খেললেও জিম্বাবুয়ে সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন আল-আমিন হোসেন। হঠাৎ এই ছন্দ পতনে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন এই পেসার। ১৫ জনের দলে জায়গা পাওয়ার পর বিশ্বকাপে সামর্থ্যের শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 07:19 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

“দলে জায়গা পাবো কি না, এ নিয়ে সংশয়ে ছিলাম। তবে এসব নিয়ে না ভেবে লিগে ভালো করার চেষ্টা করেছি। যখন শুনলাম দলে আছি, তখন খুব ভালো লেগেছে।”

আল-আমিন জানান, আইসিসি তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করায় ছন্দ পতন হয়নি। বোলিং অ্যাকশন পরীক্ষার কারণে ঠিক মতো পরিকল্পনা ও অনুশীলন করতে না পারায় সেরা ছন্দে ছিলেন না তিনি।

“পরীক্ষা চলছিল, এরই মধ্যে খেলছিলাম। সেভাবে হয়তো পরিকল্পনা করতে পারছিলাম না, অনুশীলন করতে পারছিলাম না। পরীক্ষা শেষ হয়ে গেছে এখন শুধু বিশ্বকাপ নিয়ে চিন্তা। আশা করি শিগগির ছন্দে ফিরতে পারবো।”

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ৮ ম্যাচে ২১.৮৩ গড়ে ১২ উইকেট নেন আল-আমিন।

“বিশ্বকাপে খেলার স্বপ্ন সবারই থাকে। এই স্বপ্ন আমারও ছিল। জিম্বাবুয়ে সিরিজটা বাদে পুরো বছরটা আমার খুব ভাল কেটেছে। প্রিমিয়ার লিগে শেষ দিকে ছন্দ ফিরে পাচ্ছি। হয়তো এই কারণেই নির্বাচকরা দলে রেখেছে।”

এর আগে সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, আল-আমিনকে বিশ্বকাপের দলে রাখার ব্যাপারে অনুরোধ করেছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আল-আমিন অধিনায়কের এই আস্থার প্রতিদান দিতে চান।

“চেষ্টা করব, আমাকে যে কারণে নিয়েছে সেটা প্রমাণ করার। আমার কাজ হবে, শুরুতে উইকেট নেয়া। মাঝে একটি ভালো স্পেল করা আর শেষ ১০ ওভারে ভালো বল করা।”