বিশ্বকাপ দলে ডাক পেয়ে রোমাঞ্চিত সানি
গত বছরের শুরুতে ওয়ানডেতে অভিষিক্ত হওয়া আরাফাত সানি দলে এখনো জায়গা পাকা করতে পারেননি। এই বাঁহাতি স্পিনারের বিশ্বকাপ দলে স্থান পাওয়া নিয়ে তাই একটু অনিশ্চয়তা ছিল। সেই সংশয়কে পেছনে ফেলে বিশ্বকাপ দলে ডাক পেয়ে ভীষণ রোমাঞ্চিত সানি।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণার পর সাংবাদিকদের সানি বলেন, “আমি খুব খুশি। বিশ্বকাপ পুরোপুরি ভিন্ন একটি ইভেন্ট, সবারই এতে খেলার স্বপ্ন থাকে। আমারও এমনই একটা স্বপ্ন ছিল। সত্যি বলতে কি, আমি অনেক রোমাঞ্চিত।”
এ পর্যন্ত ৮টি ওয়ানডে খেলা সানির উইকেট ১৬টি। ১৭.৮১ গড়ে উইকেট নেয়া এই বাঁহাতি স্পিনার জানান, নিজের সেরাটা দিতে তিনি প্রস্তুত। এখন তার ভাবনা জুড়ে শুধু বিশ্বকাপ প্রস্তুতি।
“দলের প্রয়োজনে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। অস্ট্রেলিয়ার কন্ডিশনে কিভাবে বোলিং করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। ১২ তারিখ থেকে হয়তো ক্যাম্প শুরু হবে, সেখানে চেষ্টা করবো নিজের আরো উন্নতি করার।”
ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে নিজেকে পুরো 'ফিট' ও সুস্থ রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সানি।
২০০১/০২ মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে সানির অভিষেক হয় গত বছর। বিশ্বকাপে ভালো করতে সাকিব আল হাসানের পরামর্শ নেবেন তিনি।
“আন্তর্জাতিক ক্রিকেটে বলেতে গেলে একদমই নতুন। সাকিব অনেকদিন ধরে এই পর্যায়ে ক্রিকেট খেলছে। সাকিবের সঙ্গে আলাপ আলোচনা করে পরিকল্পনা সাজিয়ে কাজগুলো করতে পারব।”
সাকিব বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়ায় বাংলাদেশের স্পিনারদের জন্য খুব সহায়ক হবে বলে মনে করেন সানি।
“সাকিব বিগ ব্যাশে খেলতে যাওয়ায় আমরা ওর কাছ থেকে কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে পারবো। সেখানে কিভাবে বল করতে হবে, ওর সঙ্গে তা নিয়েও আলোচনা করতে পারব।”
