দলে ফিরে এবার ভালো খেলার লক্ষ্য নাসিরের
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি নাসির হোসেন। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে মনে করছেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ শেষে সাংবাদিকদের নিজের অনুভূতির কথা জানান আবাহনীর নাসির।
“বিশ্বকাপ অবশ্যই আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ক্রিকেটের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আমাকে অবশ্যই পারফর্ম করতে হবে। কিছুদিন দলের বাইরে ছিলাম, আবার এসেছি। আবার যেন আগের জায়গা পাই, সেই চেষ্টা করবো।”
“সব খেলোয়াড়েরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। তাই খুব ভালো লাগছে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আশা ছিল, প্রিমিয়ার লিগে ভালো করতে পারলে বিশ্বকাপে খেলতে পারবো। সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে।”
লিগে বরারবই ভালো খেলেন নাসির। তার বিশ্বাস ছিল, এবারো ভালো করার। তাই কোনো স্নায়ুচাপে ভুগেননি এই মিডলঅর্ডার ব্যাটসম্যান। জানতেন, লিগে ভালো করলে আবার জাতীয় দলে ফিরতে পারবেন।
২০১১ সালের শেষ দিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিন ধরনের ক্রিকেটেই দলের নিয়মিত সদস্য হয়ে উঠেন নাসির। কিন্তু গত বছর হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেন তিনি। এক পর্যায়ে দল থেকেও বাদ পড়ে যান এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
এবার লিগে ১৫ ইনিংস খেলে একটি শতক ও তিনটি অর্ধশতকসহ ৫৫০ রান করেন তিনি। ৩০ গড়ে ১৩ উইকেটও নেন তিনি।
“লিগে সব সময়ই ভালো খেলি, সেদিক থেকে কোনো চ্যালেঞ্জ ছিল না। বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট, তবে সেখানে নিজেকে প্রমাণ করতে হবে এমন কোনো চ্যালেঞ্জ নিচ্ছি না। আমার লক্ষ্য থাকবে, ভালো ক্রিকেটে খেলে যাওয়া।”
নাসির জানান, জাতীয় দল থেকে বাদ পড়ার পর কঠিন সময় পার করেন তিনি। তবে এই সময়ে থাকার চেষ্টা ছিল তার।
“এই সময়ে ছন্দে ফিরতে কঠোর পরিশ্রম করেছি। নেটে অনেক সময় দিয়েছি। কিভাবে উন্নতি করা যায় সে সম্পর্কে কোচ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি। তাদের পরামর্শগুলো কাজে লাগিয়েও উন্নতি করেছি।”
বিশ্বকাপেই ফিরতে হবে এমন লক্ষ্য ছিল না নাসিরের। তার চেষ্টা ছিল নিজের স্বাভাবিক খেলাটা খেলার; ব্যাটিং উপভোগ করার। আর তাতেই ছন্দ ফিরে পান তিনি।
নাসিরের বিশ্বাস, অস্ট্রেলিয়ায় খেলাটা তাদের জন্য খুব একটা সহজ হবে না। ভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়াটা খুব জরুরি বলে মনে করেন তিনি।
“এখান থেকে আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রায় তিন সপ্তাহ আগে আমরা অস্ট্রেলিয়া যাব। এই সময়টা আমাদের ভালো ভাবে কাজে লাগাতে হবে।”
