বিশ্বকাপে সেরা দশে থাকার লক্ষ্য তাইজুলের
গত চার মাস স্বপ্নের মতো কাটছে তাইজুল ইসলামের। গত সেপ্টেম্বরে টেস্ট অভিষেকের পর থেকে বাংলাদেশ দলে নিয়মিত হয়ে উঠছেন তরুণ এই বাঁহাতি স্পিনার। এবার বিশ্বকাপে সেরা দশ বোলারের মধ্যে থাকার প্রত্যাশার কথা জানালেন তিনি।
গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকেই পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে আরো উজ্জ্বল তিনি। ঢাকায় প্রথম টেস্টে এক ইনিংসে ৮ উইকেট নিয়ে গড়েন রেকর্ড। টেস্টে এটাই বাংলাদেশের সেরা বোলিং।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হয় তাইজুল ইসলামের। সেই ম্যাচে হ্যাটট্রিক করে গড়েন ইতিহাস। ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখানো এই বাঁ-হাতি স্পিনারকে নিয়ে আরো সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের স্পিন বিভাগ।
মাত্র একটি ওয়ানডে খেলার সুযোগ হলেও সব সময়ই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে এসেছেন বলে জানান তাইজুল। এখন এই তরুণের লক্ষ্য আরো উঁচুতে।
“ওখানে অবশ্যই একটা চ্যালেঞ্জ নিয়েই যাবো। বোলিংয়ে সেরা দশে থাকার চেষ্টা করবো।”
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৩ ম্যাচে বল করে ২৬.৬৪ গড়ে ১৪ উইকেট নেন তাইজুল। তিনি মনে করেন, লিগে ভালো করাতেই তার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
প্রাইম ব্যাংককে শিরোপা এনে দেয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাইজুলের। লিগ শেষ হওয়ার পর এখন তার ভাবনা জুড়ে শুধু বিশ্বকাপ।
“অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্ট এবং বিগ ব্যাশ লিগের খেলা দেখে উইকেট সম্পর্কে ধারণা নেয়ার চেষ্টা করছি। স্পিনাররা কেমন বল করছে বোঝার চেষ্টা করছি। ওখানে গিয়ে বল করলে বাকিটা বোঝা যাবে। ভালো করার জন্য যতটুকু চেষ্টা করা যায় ঠিক ততটুকু করার চেষ্টা করবো।”
