২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়েও অবদান রাখতে চান সৌম্য

বিশ্বকাপ দলে অন্যতম বড় চমক সৌম্য সরকারের উপস্থিতি। ইমরুল কায়েস ও শামসুর রহমানকে পেছনে ফেলে চূড়ান্ত দলে ডাক পেয়েছেন তিনি। ব্যাটিং-অলরাউন্ডার হিসেবে ডাক পাওয়া সৌম্য ব্যাটিংয়ের পাশাপাশি অবদান রাখতে চান বোলিংয়েও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 07:32 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

টপ অর্ডারে খেলতে পারেন সৌম্য। তামিম ইকবাল ও এনামুল হকের জায়গা নিশ্চিতই ছিল। একটি স্থানের জন্য সৌম্যর সঙ্গে লড়াই ছিল ইমরুল, শামসুরের।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, ব্যাটিংয়ে সাম্প্রতিক ফর্ম ও বোলিংয়ের কারণে ইমরুল, শামসুরকে পেছনে ফেলে জায়গা পেয়েছেন সৌম্য।

মাত্র একটি ওয়ানডে খেলা সৌম্য জানান, বোলিংয়েও অবদান রাখতে চান তিনি। তার লক্ষ্য, নিজেকে তৃতীয় পেসার হিসেবে প্রস্তুত করা।

“বল হাতে নেয়ার সময় নিজেকে বোলারই ভাবি। ব্যাট হাতে নিলে নিজেকে তখন ব্যাটসম্যানই ভাবি। তৃতীয় পেসার হিসেবে নিজেকে প্রস্তুত করতে চাই।”

সৌম্য জানান, বাংলাদেশের কন্ডিশনের কারণে সেভাবে বল করার সুযোগ হয় না তার। এবারের লিগে ১৫ ম্যাচের ১১টিতে বল করার সুযোগ হয় তার। সব মিলিয়ে করেন ৪৭ ওভার। এতে ৮ উইকেট নেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে গত সিরিজে ওয়ানডে অভিষেক হয় সৌম্যর। তিনি জানান, বিশ্বকাপ দলে থাকার ব্যাপারে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। জানতেন, ভালো খেললে তার ফল পাবেন।

রোববার আবাহনীর বিপক্ষে ৯৭ রানের চমৎকার ইনিংস খেলে প্রাইম ব্যাংককে ৯ উইকেটের জয় এনে দেন সৌম্য। এই জয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা জেতে তার দল।

“শিরোপা জয়ের দিন বিশ্বকাপ দলে জায়গা পেলাম, অনুভূতিটা খুব ভালো। বিশ্বকাপ দলে আসায় পুরো কৃতিত্ব দিতে চাই পরিবারকে। তাদের সহায়তা ছাড়া এতোদূর আসতে পারতাম না।”

পুরনো খবর:

সংশয় কাটল আল-আমিনের
বিশ্বকাপ দলে ডাক পেয়ে রোমাঞ্চিত সানি
দলে ফিরে এবার ভালো খেলার লক্ষ্য নাসিরের
বিশ্বকাপে সেরা দশে থাকার লক্ষ্য তাইজুলের
বিশ্বকাপে নাসির সাব্বির সৌম্য, অধিনায়ক মাশরাফি
জুবায়ের নেই, আস্থা সাকিবের সঙ্গে ২ বাঁহাতি স্পিনারে