তারকা ক্রিকেটাররা কে কোন দলে
জাতীয় দলের ক্রিকেটারদের দল বদলের শেষ দিনে দল গুছিয়ে এনেছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ক্লাবগুলো।
সোমবার ছিল পুলের খেলোয়াড়দের দল বদলের দ্বিতীয় ও শেষ দিন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে দল বদলের কাজ সারেন আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ও শামসুর রহমান। তিন জনই খেলবেন কলাবাগান ক্রীড়া চক্রে।
গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে খেলবেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। শিরোপাধারী দলটিতে থেকে গেছেন পেসার রুবেল হোসেন।
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভিক্টোরিয়ায় যোগ দিয়েছেন মার্শাল আইয়ুব। সেখানে তার সঙ্গী চ্যাম্পিয়ন গাজী ট্যাংক থেকে আসা ইমরুল কায়েস।
কলাবাগান অ্যাকাডেমিতে যোগ দিয়েছেন এনামুল হক। ভিক্টোরিয়া থেকে এসেছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। প্রাইম দোলেশ্বরে যোগ দিয়েছেন মুমিনুল হক।
টোকেন তুললেও জমা দেননি সাব্বির রহমান। কলাবাগান অ্যাকাডেমিতে খেলার কথা রয়েছে এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।
এখনো দল পাননি সোহাগ গাজী। টোকেন তুলেছেন এই অফস্পিনার। তার মতো একই অবস্থা আরাফাত সানির। টোকেন তুলে রেখেছেন গতবারের সর্বোচ্চ উইকেট শিকারি। ২৯ উইকেট নিয়ে গাজী ট্যাংকের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।
পুলের যারা দল বদল করেননি তাদের ২৭ ও ২৮ অগাস্ট দল বদলের সুযোগ রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ক্রিকেটে কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সম্পাদক গাজী রাকিব হায়দার পাভেল।
“এটা ছিল মূলত জাতীয় দলের খেলোয়াড়দের দল বদল। ওয়েস্ট ইন্ডিজে না যাওয়া পুলের খেলোয়াড়রা ২৭ ও ২৮ অগাস্ট দল বদল করতে পারবেন।”
তাই এবার দল বদল করতে না পারলেও অলরাউন্ডার জিয়াউর রহমান দ্বিতীয় দফার দল বদলের সময়ে আবাহনীতে যোগ দেয়ার কাজটি সেরে ফেলতে পারবেন।
পুলের ক্রিকেটাররা কে কোন দলে:
আবাহনী: নাসির হোসেন, আল-আমিন, জিয়াউর রহমান (দ্বিতীয় দফার দল বদলের সময়ে যোগ দেবেন)।
মোহামেডান: মাশরাফি বিন মুর্তজা, নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন।
প্রাইম দোলেশ্বর: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, মুমিনুল হক।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।
ভিক্টোরিয়া: ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব।
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি: এনামুল হক, সাব্বির রহমান (টোকেন তোলার পর দলটিতে খেলবেন বলে জানান তিনি)।
কলাবাগান ক্রীড়াচক্র: আব্দুর রাজ্জাক, শামসুর রহমান, রবিউল ইসলাম।
গাজী ট্যাংক ক্রিকেটার্স: তামিম ইকবাল, রুবেল হোসেন।
দল পাননি দুই স্পিনার সোহাগ ও আরাফাত।
পুলের কোনো খেলোয়াড় নেয়নি ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স, ওল্ড ডিওএইচএস ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
