এবার শিরোপা চান মাশরাফি
আবাহনীর হয়ে শিরোপা জিতেছেন, মোহামেডানের হয়ে পারেননি। এবার সেই অপূর্ণতা ঘোচাতে চান দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গত ১১ বছরে মাত্র একবার শিরোপা জেতে মোহামেডান। এবার ভারসাম্যপূর্ণ দল পেয়ে শিরোপাতেই চোখ মাশরাফির।
“এবার শিরোপা জিততে চাই। অনেক বছর আগে একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম।”
মোহামেডানে মাশরাফির সঙ্গী নাঈম ইসলাম। কলাবাগান থেকে এক মৌসুম পর ফিরলেন এই অলরাউন্ডার। একই দল থেকে প্রথমবারের মতো মোহামেডানে খেলতে এসেছেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন।
ভারসাম্যপূর্ণ দল পেয়ে খুশি মাশরাফি।
“আগের বারের চেয়ে এবারের দলটি ভালো। গতবার দল নিয়ে ভাবার সুযোগ ছিল না , এবার চিন্তা ভাবনা করে দল গঠন করা হয়েছে। তবে আমাদের মাঠে পারফর্ম করতে হবে।”
আবাহনী ও মোহামেডান-দেশের সবচেয়ে জনপ্রিয় দুটি দলেই খেলার অভিজ্ঞতা রয়েছে মাশরাফির।
“এই দুই দলে খেলার ঝামেলা নাই। তবে চাপ বেশি থাকে। দুটি দলই চ্যাম্পিয়ন হতে চায়। আমাদের মনে হয়, এই চাপ থাকা উচিত। এই দুই দলে খেলার আনন্দই আলাদা।”
অন্য একটি দল থেকে বেশি অঙ্কের প্রস্তাব পেলেও মোহামেডানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মাশরাফি। এই পেসার বলেন, “কোথাও কথা দিলে আমি তা রাখি। সব সময়ই তাই করে এসেছি।”
নতুন কৌশল নেয়ায় এবার পেসারদের দল পেতে কোনো সমস্যা হয়নি। এতে পেসারদের দায়িত্ব আরো বেড়ে গেছে বলে মনে করেন তিনি।
“এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে কোনো দল কাউকে ছাড় দেয় না। আমরা এখানে চাপটা অনুভব করতে পারি। আন্তর্জাতিক ক্রিকেটে স্পিনারদের বেশি দায়িত্ব দেয়া হয়, এখানেও তাই। এবার পেসারদের সুযোগ দেয়া হয়েছে। এটা তাদের কাজে লাগাতে হবে।”
