প্রাইম দোলেশ্বরের হয়ে শিরোপা চান মুশফিক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতবারের চমক ছিল প্রাইম দোলেশ্বর। সবাইকে অবাক করে দিয়ে সুপার সিক্সে ওঠা দলটি জাগিয়েছিল আরো চমকের আশা। শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হেরে তৃতীয় স্থানে থেকেই লিগ শেষ করা দলটি এবার শিরোপা প্রত্যাশী।
রোববার লিগের দল বদলের প্রথম দিন সবার আগে পুলের খেলোয়াড়দের দলে নেয়ার কাজটি সেরেছে প্রাইম দোলেশ্বর। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে নেয়ার কাজটি আগেই সেরে ফেলেছিল তারা, এবার তার আনুষ্ঠানিকতা সারল দলটি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দল বদল শেষে মুশফিক সাংবাদিকদের বলেন, “গতবার যে অপূর্ণতা ছিল তা পূরণ করার চেষ্টা করবো। এটি তারুণদের দল আর তরুণদের সঙ্গে খেলতে আমার ভালো লাগে।”
মুশফিক জানান, প্রথমে যোগাযোগ করায় প্রাইম দোলেশ্বরকে অগ্রাধিকার দেন তিনি।
“আমাদের যেমন কিছু বাধ্যবাধকতা থাকে ক্লাবগুলোরও তেমন কিছু থাকা উচিৎ। দলিলে সই করে আমরা চুক্তিবদ্ধ হয়েছি।”
সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পাওয়ার খবরে হতাশা মুশফিকের কণ্ঠে।
“গণমাধ্যমে যেমন এসেছে, আমার পেমেন্ট নয় তা নয়। বিষয়টি আমার খারাপ লেগেছে। আমার কাছ থেকে শুনে ছাপানো দরকার ছিল। কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস না করেই ছাপিয়েছেন।”
আবাহনী মোহামেডানের মতো বড় দলে নয় কেন জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেন, “সঠিক পারিশ্রমিক না দিলে (বড় দলেও) খেলা কঠিন। মনে হতে পারে, এই দুই দলে খেললে চাপ বেশি। কিন্তু আমি যে পারিশ্রমিক পেয়েছি, পারফরম করেই তো তার জবাবদিহি দিতে হবে।”
প্রাইম দোলেশ্বরে মুশফিকের সঙ্গী মুমিনুল হক ও শফিউল ইসলাম। শফিউল অধিনায়কের সঙ্গেই এসে দল বদল সেরেছেন।
