আবাহনীতে ফিরলেন নাসির
গত দুই মৌসুমে অনুজ্জ্বল থাকলেও ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল দল আবাহনী লিমিটেড। আগেরবার সুপার সিক্সে খেলতে পারলেও গতবার অবনমনের শঙ্কায় পড়েছিল দলটি। শেষ পর্যন্ত নবম হওয়া আবাহনী এবার সাফল্যের সন্ধানে দলে ফিরিয়েছে অলরাউন্ডার নাসির হোসেনকে।
২০০৬-০৭ ও ২০০৭-০৮ মৌসুমে আবাহনীতে খেলেছিলেন নাসির। দুবারই শিরোপা জিতেছিল দলটি। জাতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে দলে নেয়ায় দুই মৌসুম পর আবারো শিরোপা স্বপ্ন ধানমণ্ডির ক্লাবটির।
রোববার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিন আবাহনীতে যোগ দেন নাসির। দলটিতে তার সঙ্গী হবেন আল-আমিন হোসেন ও জিয়াউর রহমান।
কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে কথা অনেকটাই এগিয়ে থাকায় নাসিরের আবাহনীতে যোগ দেয়ায় একটা প্রশ্ন অবধারিতভাবেই এলো।
“কলাবাগানের (অ্যাকাডেমি) সাথে কথা হচ্ছিল কিন্তু তাদের আমি কোনো কথা দেইনি। সবচেয়ে বড় কথা হল গতকাল পর্যন্ত আমি কোথাও চূড়ান্ত করিনি। আর আবাহনীর প্রস্তাবটা আমার কাছে ভাল মনে হয়েছে।”
নগদ টাকা চেয়েছিলেন, সেই দাবি পূরণ না হওয়াতেই আবাহনীতে কিনা; এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, “সব দলেরই একটা বাজেট থাকে। আমি যা চেয়েছিলাম তারা সেগুলো পূরণ করতে পারেনি। সে কারণে হয়তো বা আমি আবাহনীতে এসেছি।”
আবাহনীর হয়ে দুটি শিরোপা জিতেছিলেন নাসির। দলটিতে ফেরায় সেটিকেও একটি কারণ বলছেন নাসির।
“আমি আবাহনী দলে খেলছি, তা আমার জন্য গর্বের ব্যাপার। অনেক খেলোয়াড় আছে যাদের ইচ্ছা থাকলেও আবাহনীতে খেলতে পারে না। আবাহনীতে খেলতে চেয়েছি কারন, এই দলে অনুশীলনের সুবিধা অনেক ভাল। ওদের ‘সেন্টার’ উইকেট অনেক ভাল।”
আবাহনীকে ভারসাম্যপূর্ণ দল হিসেবে দেখছেন নাসির। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই নামবেন বলে জানান তিনি।
