দল পাননি আরাফাত, সোহাগ!
গতবার গাজী ট্যাংক ক্রিকেটার্সের শিরোপা জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আরাফাত সানির। অথচ পুলের ক্রিকেটারদের দল-বদলের শেষ দিনেও কোনো ক্লাব এই বাঁহাতি স্পিনারকে নিতে আগ্রহী হয়নি। একই অবস্থা আরেক স্পিনার সোহাগ গাজীরও।
সোমবার ছিল পুলের খেলোয়াড়দের দল বদলের দ্বিতীয় ও শেষ দিন।
গত লিগে ২৯ উইকেট নিয়ে আরাফাত সানি ছিলেন সেরা উইকেট শিকারি। চলতি বছরে এখনো দল না পাওয়ায় তাই ভীষণ হতাশ আরাফাত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে টোকেন তুলতে এসে তিনি বলেন, “প্রথমবারের মতো এই অভিজ্ঞতা হল। গত লিগ শেষ হওয়ার পর ভাবতেই পারিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে।”
আরাফাত জানান, বরাবরই দেখে এসেছেন পেসারদের দল পেতে সমস্যা হয়। এবার পরিস্থিতিটা পাল্টে গেছে।
বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরে দেশ ছাড়বেন সোহাগ। টোকেন তুলে রেখেছেন তিনি। দল না পাওয়ার হতাশায় তো এক সময় বলেই ফেললেন, “এবার বিশ্রামে থাকবো, খেলবো না।”
পুলে থাকা স্পিনারদের মধ্যে দল পেয়েছেন কেবল আব্দুর রাজ্জাক। লিগের কয়েকটি ক্লাবের পুলের খেলোয়াড় না নেয়ার প্রবণতা থাকার সমালোচনা করেন তিনি।
“আমি মনে করি, খেলোয়ড়দের একটু ‘ফ্রি’ করে দেয়া উচিত। অনেক সময় দেখা যায়, তিন-চারটা দল পুলের খেলোয়াড় নেয় না। অনেক সময় দেখা যায় জাতীয় দলের ক্রিকেটাররা দল পাচ্ছে না।”
চলতি মৌসুমে পুলে রাখা হয়েছে ২৩ ক্রিকেটারকে। তাদের মধ্যে ২১ জন এরই মধ্যে দল পেয়েছেন। ৮টি দলে পুলের খেলোয়াড় নিলেও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন আর প্রথম বিভাগ থেকে আসা পারটেক্স ও ওল্ড ডিওএইচএস পুলের কোনো খেলোয়াড় নেয়নি।
