আইসিসিতে বিরোধিতার মুখে ৩ মোড়লের প্রস্তাব
আইসিসির খোলনলচে পাল্টে ফেলতে তিনটি প্রভাবশালী বোর্ডের 'বিতর্কিত' পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে কয়েকটি বোর্ড।
ইএসপিএন ক্রিকইনফো জানায়, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তৈরি করা খসড়া প্রস্তাবটি পিছিয়ে দেয়ার জন্য আইসিসিকে চিঠি লিখেছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) আইসিসিকে এ বিষয়ে চিঠি দিয়ে প্রস্তাবটি নিয়ে আরো আলোচনার প্রয়োজন আছে বলে উল্লেখ করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে বলেন, "বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা আমরা সবাই একই অবস্থানে আছি। এখন দেখার বিষয় ভেতরে আমরা কি ভোট দেই। আমরা আমাদের অবস্থানে অনড় থাকবো।"
ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ), পিসিবি ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আইসিসির কাছে লেখা চিঠিতে প্রভাবশালী তিনটি বোর্ডের তৈরি করা 'পজিশন পেপার' পিছিয়ে দিতে চিঠি লিখেছে। এদের মধ্যে একটি বোর্ড গত ২৪ জানুয়ারি আইসিসিকে চিঠি দেয়।
মঙ্গলবারের সভাকে সামনে রেখে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের পরিকল্পনায় সম্মতি দিতে আইসিসির অন্য পূর্ণ সদস্যদেশগুলোকে চাপ দিচ্ছে।
জাকা আশরাফ জানান, ভোট দেয়ার সময় পাকিস্তানের স্বার্থের দিকটি তিনি দেখবেন। তিনি জানান, বিসিসিআইয়ের সঙ্গে গত দুইদিনের আলোচনায় নিরপেক্ষ ভেন্যুতে দুই দেশের মধ্যে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা আগে থেকেই বলে আসছিল '৩ মোড়লের' আনা খসড়া প্রস্তাবের গোড়াতেই গলদ রয়েছে। এ ছাড়া আনুষ্ঠানিকভাবে এর আগে অন্য কোনো বোর্ড তাদের প্রতিবাদ জানায়নি। এখন সিএসএর সঙ্গে একজোট হয়ে পিসিবি ও এসএলসি বলছে, প্রস্তাবটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে আরো সময় লাগবে।
প্রস্তাবটি নিয়ে আনুষ্ঠানিকভাবে 'কৌশলী' অবস্থান নেয়া বিসিবি চিঠিতে খসড়া প্রস্তাবটি উত্থাপনে 'দেরি' করার বা 'পিছিয়ে দেয়ার কথা বলা হয়নি। তারা এ বিষয়ে 'আরো আলোচনার' দাবি জানিয়েছে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে আইসিসির পুরো নিয়ন্ত্রণ নেয়ার জন্য ভারতীয় বোর্ড বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার খোলনলচে পাল্টে ফেলার প্রস্তাব আনলে এ নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়।
এই তিন দেশের প্রভাব বলয়ে থাকা ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির একটি ‘ওয়ার্কিং গ্রুপের’ তৈরি খসড়া প্রস্তাব নিয়ে দুবাইয়ে আলোচনা হওয়ার কথা। এই প্রস্তাবে আইসিসির রাজস্ব বন্টন মডেল, প্রশাসনিক কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি র্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দেশকে টেস্ট খেলতে না দিয়ে সহযোগী দেশগুলোর সঙ্গে আইসিসি কন্টিনেন্টাল কাপে খেলানোর প্রস্তাব রাখা হয়েছে।
ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পরিকল্পনা বাস্তবায়িত হলে কমপক্ষে আগামী চার বছর টেস্ট খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের।
আইসিসি পুনর্গঠন প্রস্তাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমও।
আইসিসির সদস্য দেশগুলোর বোর্ডের প্রধানকে নিয়ে গড়া এক্সিকিউটিভ বোর্ড আর বিভিন্ন কমিটিকে নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ কমিটি (এক্সকো) নামে চার সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দেয়া হয়েছিল। বলা হয়েছিল, এর স্থায়ী সদস্য হবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আর বাকি সাতটি দেশগুলোর থেকে আসবে এর চতুর্থ সদস্য।
এখন নতুন খসড়া প্রস্তাবে চারটির জায়গায় এক্সকোতে পাঁচ সদস্য রাখার কথা বলা হতে পারে।
'বিগ থ্রি'-এর প্রস্তাবের বিরুদ্ধে সরব ক্রিকেট সাউথ আফ্রিকা কেবল এর বাইরে আছে।
তিন মোড়লের পরিকল্পনাগুলো এখন মোটা দাগে পাঁচটি ক্যাটাগরিতে জড়ো করা হয়েছে।
তিন দেশের প্রস্তাব পাশ হলে বিশ্ব ক্রিকেটে ক্ষমতার দু’টি স্তর তৈরি হবে। তিন দেশ থাকবে প্রধান আর অন্যদিকে থাকবে বাকি সাতটা দেশ।
খসড়া প্রস্তাবে বলা হয়েছিল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যতই খারাপ খেলুক না কেন, দ্বিতীয় স্তরে তাদের অবনমন হবে না।
বড় টুর্নামেন্টগুলোর বেশিরভাগই হবে ওই তিন দেশে। তারা অন্যদের চেয়ে অনেক বেশি অর্থ পাবে। এক কথায় খসড়া প্রস্তাব পাশ হলে সব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের হাতে।
