২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল ফিক্সিং: আইনি লড়াইয়ে রবিন, রুবেল

বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের অভিযোগের জবাব দেয়ার শেষ দিনে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন পেসার মাহবুবুল আলম রবিন ও স্পিনার মোশাররফ হোসেন রুবেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 07:44 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

অভিযুক্তদের দোষ স্বীকার অখবা আইনি পথে লড়ার সিদ্ধান্ত জানানোর নির্ধারিত দুই সপ্তাহ সময় শেষ হয়েছে মঙ্গলবার। এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান কার্যালয়ে বিসিবি সভাপতির একান্ত সচিব তৌহিদ মাহমুদের কাছে মাহবুবুল ও মোশাররফের পক্ষে আইনি লড়াই চালানোর সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেন ব্যারিস্টার নুরুস সাদিক।

পরে সাংবাদিকদের সাদিক বলেন, “দুজনের পক্ষে চিঠি দিয়েছি, দুজনই নির্দোষ এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও কল্পনাপ্রসুত।”

“বিসিবির কোড অনুয়ায়ী আইসিসি ও আকসু এটা নিয়ে তদন্ত করতে পারে কি না সে ব্যাপারে আমরা নিশ্চিত নই, ট্রাইব্যুনালে আমরা এটা প্রমাণের চেষ্টা করবো। বিসিবির কোড অনুযায়ী আইসিসি ও আকসু এর অংশ নয়, তারা কোনো তদন্ত কিংবা অভিযোগ করতে পারে না”, যোগ করেন তিনি।

সাদিক বলেন, “আমরা ওদের নির্দোষ দাবি করেছি এবং তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানাচ্ছি। দুজনই প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল, এই রকম একটা অভিযোগে তারা বিষন্ন কিন্তু ভেঙ্গে পরেন নি। নিজেদের নির্দোষ প্রমাণের ব্যাপারে দুজনই আত্মবিশ্বাসী।”

চিঠি গ্রহণের পর তৌহিদ বলেন, “আমরা দুজনের চিঠি পেয়েছি। নিয়ামানুযায়ী এটা প্যানেল চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেবো, তিনি কোড অনুযায়ী ব্যবস্থা নেবেন। সরাসরি এসে দেয়া ছাড়াও আনুষ্ঠানিক যে কোনো পন্থায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানোর সুযোগ রয়েছে প্রত্যেকেরই।”

আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরীও।

গত ১৩ অগাস্ট একটি হোটেলে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানান, বিপিএলে ম্যাচ পাতানো তদন্তে নয়জন অভিযুক্ত হয়েছেন।

মঙ্গলবার অভিযুক্তদের দোষ স্বীকার অখবা আইনি পথে লড়ার সিদ্ধান্ত জানানোর নির্ধারিত দুই সপ্তাহ সময় শেষ হওয়ার পর বিসিবির ডিসিপ্লিনারি প্যানেল থেকে ট্রাইব্যুনাল গঠন করে শুনানি শুরু করতে ৪০ দিন সময় পাচ্ছেন প্যানেল প্রধান সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী।

অভিযুক্ত নয় জনই টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত। দলের মালিক সেলিম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, সিইও গৌরব রাওয়াদ, বোলিং কোচ মোহাম্মদ রফিক, পাঁচ খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম, মোশাররফ হোসেন, ড্যারেন স্টিভেন্স ও কৌশল লুকুয়ারাচ্চি।

বিসিবির দুর্নীতি বিরোধী নীতিমালা অনুযায়ী অভিযুক্তদের সরাসরি প্যানেল প্রধানের কাছে তাদের সিদ্ধান্ত জানানোর কথা। তবে আইসিসি এই প্রক্রিয়ায় বিসিবির হয়ে কাজ করছে বলে যে কেউ আইসিসির মাধ্যমেও সিদ্ধান্ত জানাতে পারে বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

মঙ্গলবারের মধ্যে চিঠি দিয়ে আইনি লড়াই শুরুর সিদ্ধান্ত না জানালে শুনানি ছাড়াই অভিযুক্তের শাস্তি নির্ধারণ করবে প্যানেল। শাস্তির বিরুদ্ধে প্যানেল চেয়ারম্যানের কাছে আপিলের সুযোগ রয়েছে তাদের। এ ছাড়াও আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও যেতে পারবেন তারা।

পুরনো খবর:

শাস্তি মেনে ক্রিকেটে ফিরতে চান আশরাফুল
৯ জনের বিরুদ্ধে অভিযোগ আকসুর
ম্যাচ পাতানোর অভিযোগ অস্বীকার রবিনের
ফিক্সিংয়ের শুনানিতে প্রধান মাহমুদূল আমীন চৌধুরী
অভিযুক্ত ৯ জনই গ্ল্যাডিয়েটর্সের
'পরিস্থিতির শিকার' রুবেল