২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'পরিস্থিতির শিকার' রুবেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগ অস্বীকার করে বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল দাবি করেছেন, তিনি 'পরিস্থিতির শিকার'।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 06:16 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মোশাররফসহ সাত জনের বিরুদ্ধে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট বা আকসু। দুই জনের বিরুদ্ধে আনা হয়েছে ষড়যন্ত্র সম্পর্কে জেনেও চুপ থাকার অভিযোগ।

মঙ্গলবার দুপুরে পল্লবীতে সিটি ক্লাব মাঠে সংবাদ সম্মেলনে মোশাররফ বলেন, “আমি কোনো কিছুর সঙ্গে জড়িত নই, পরিস্থিতির শিকার। বুঝতে পারছি না আমার নাম কেন, কীভাবে এসেছে। ক্যারিয়ারের এই সময়ে এটি আমার জন্য অনেক বড় ধাক্কা।”

“যে কারণেই হোক, আমাকে অভিযুক্ত করা হয়েছে। এখন কেবল আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ রয়েছে। ইংল্যান্ডে আমার ব্যারিস্টার বন্ধুদের দেখিয়েছি। ওরা বলেছে তেমন কিছু নেই, নিজের অবস্থান প্রমাণ করতে পারলেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো”, যোগ করেন তিনি।

মোশাররফ সাংবাদিকদের জানান, চট্টগ্রাম কিংসের বিপক্ষে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ২ ফেব্রুয়ারির ম্যাচটি পাতানোর জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে।

তার বিরুদ্ধে কোথাও কোনো প্রমাণ নেই বলে দাবি করে মোশাররফ বলেন, “সেই ম্যাচের আগে বা পরে কারোর সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথা হয়নি। আমি জানতাম বেশি রান দেয়ার জন্য ফিক্সিং হয় কম রান দেয়ার জন্য বা ভালো করার জন্যও যে ফিক্সিং হয় তা জানতাম না, এই প্রথম শুনলাম। ম্যাচ পাতানো নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই।”

ওই ম্যাচে ৩ ওভার বল করে ১৭ রানে ২ উইকেট নেন এই স্পিনার।

মোশাররফ দাবি করেন, সেই ম্যাচের ফিক্সিং সম্পর্কিত কোনো আলোচনা হয়নি গ্ল্যাডিয়েটর্সের সাজকক্ষে। রান আউট, বাজে ব্যাটিং আর বাজে ফিল্ডিংয়েই সীমাবদ্ধ ছিল আলোচনা।

তবে ভালো বল করেও তখন তিনি হতাশার কথা দু-একজনের কাছে প্রকাশ করেছিলেন কেন জানতে চাইলে মোশাররফ বলেন, “ভালো পারফরম্যান্সের পর কেন আমি হতাশ হবো। খারাপ বল করতে চাইলে ওভারে কয়েকটা বল শর্ট বল করতাম, ফুল টস দিতাম। আমি এতো বোকা না খারাপ বল করার কথা বলে ভালো বল করবো। আমি খারাপ বল করিনি নিজের স্বাভাবিক বল করে গেছি।”

আশরাফুলের স্বীকারোক্তিতেই গণমাধ্যমে প্রথম নাম আসে মোশাররফের। আশরাফুলের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি বলে জানান মোশাররফ।

২০০৮ সালে অভিষিক্ত মোশাররফ তিনটি ওয়ানডে খেলার পর ভারতের বিতর্কিত টুর্নামেন্ট আইসিএল এ খেলার জন্য নিষিদ্ধ হয়েছিলেন। সেই ধাক্কা কাটিয়ে গত মার্চে শ্রীলঙ্কা সফরে দলে ছিলেন, যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

ইংল্যান্ডে মাইনর কাউন্টি ক্রিকেটে খেলছিলেন মোশাররফ। অভিযুক্ত হওয়ায় মাঝপথেই দেশে ফিরে আসেন তিনি। এখন নিজেকে নির্দোষ প্রমাণে লড়বেন তিনি।

“খেলতে পারি আর না পারি, নিজেকে নির্দোষ প্রমাণ করাই আমার মূল লক্ষ্য।”

পুরনো খবর:

অভিযুক্ত ৯ জনই গ্ল্যাডিয়েটর্সের