অভিযুক্ত ৯ জনই গ্ল্যাডিয়েটর্সের
৯ জনের বিরুদ্ধে দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) প্রতিবেদনে। এদের সবাই টুর্নামেন্টের টানা দুবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সদস্য।
তারা হলেন গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী এবং তার বড় ছেলে ও দলটির ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব রাওয়াদ, বোলিং কোচ মোহাম্মদ রফিক এবং পাঁচ ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, মাহবুবুল আলম রবিন, মোশাররফ হোসেন রুবেল, ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন্স ও শ্রীলঙ্কার কৌশল লোকুয়ারাচ্চি। গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে।
এদের মধ্যে শুধু আশরাফুলই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শাস্তি মেনে নিয়ে মাঠে ফেরার আশাবাদও জানিয়েছেন টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে শতক করার অনন্য রেকর্ডের মালিক।
তবে পেসার রবিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
নিজেকে নির্দোষ দাবি করেছেন সেলিম চৌধুরীও। গ্ল্যাডিয়েটর্সের মালিক বলেন, “এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। আমরা কোনো অন্যায় করিনি। আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে আমরা আন্তর্জাতিক আদালতে যাব।”
অভিযুক্ত হওয়ার কথা স্বীকার করলেও কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন স্টিভেন্স। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব কেন্টের এই অলরাউন্ডার এক বিবৃতিতে বলেন, “আমি নিশ্চিত, গত ফেব্রুয়ারিতে বিপিএলে দুর্নীতির সঙ্গে জড়ানোর প্রস্তাবের কথা কর্তৃপক্ষকে জানাতে না পারায় আমাকে অভিযুক্ত করা হয়েছে।”
