২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিক্সিংয়ের শুনানিতে প্রধান মাহমুদূল আমীন চৌধুরী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের অভিযোগ শুনানির জন্য সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে প্রধান করে ডিসিপ্লিনারি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2013, 06:05 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

মাহমুদূল আমীন চৌধুরী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুপ্রিম কোর্ট প্রতিবেদককে জানান, এই প্যানেলের চেয়ারম্যান হতে বিসিবি তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সম্মতি দিয়েছেন।

মঙ্গলবার বিকালে হোটেল রেডিসনে আইসিসি ও বিসিবির যৌথ সংবাদ সম্মেলনে ৯ জনের বিরুদ্ধে বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগ আনে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান দুই-তিন দিনের মধ্যেই ট্রাইব্যুনাল গঠনের কথা বলেছিলেন।

মাহমুদূল আমীন চৌধুরী জানান, প্যানেলের প্রধান হওয়ার ব্যাপারে গত ১১ অগাস্ট বিসিবি তার সঙ্গে যোগাযোগ করে। তবে প্যানেলের অন্য সদস্য কারা সে সম্পর্কে তিনি এখনো জানেন না।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেন, “গত বছরের ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ায় বিসিবির ক্রিকেটার ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্নীতি বিরোধী নীতিমালা অনুযায়ী ডিসিপ্লিনারি প্যানেল গঠন করা হবে।”

নীতিমালার পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে, বিসিবির নির্বাহী বোর্ড সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবে।

প্যানেলের চেয়ারম্যান অন্তত ১০ জনকে নিয়োগ দিয়ে প্যানেল পূর্ণ করবেন। তাদের তিনজন হবেন সুপ্রিম কোর্ট অথবা জেলা আদালতের সাবেক বিচারপতি। তিন জন বিশিষ্ট ব্যক্তিত্ব। বাকি চার জন ক্রিকেট বিশেষজ্ঞ। এই প্যানেল থেকেই একজনকে আহ্বায়ক করে তিন সদস্যের ট্রাইব্যুনালও গঠন করবেন প্যানেলের চেয়ারম্যান।

বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করতে চায় বিসিবি। তবে সময়সীমার কথা বলতে উল্লেখ করেননি বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী। তিনি জানান, “অভিযুক্তরা আপিল করার জন্য ১৪ দিন সময় পাচ্ছেন। এরপর শুনানি শুরু হবে। শুনানিতে কেউ দোষী প্রমাণিত হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কাছে আপিল করতে পারবেন। আপিলে হেরে গেলে তার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ারও সুযোগ থাকবে।”

“নয় জনের মধ্যে সাত জনের বিরুদ্ধে বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আইসিসির আইন অনুযায়ী ট্রাইব্যুনালে দোষী প্রমাণিত হলে তাদের পাঁচ বছর থেকে সর্বোচ্চ আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।”

বাকি দুজনের বিরুদ্ধে অভিযোগ, ফিক্সিংয়ের ষড়যন্ত্রের কথা জেনেও কর্তৃপক্ষকে জানায়নি তারা। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর আইসিসি ও বিসিবির সব ধরনের প্রতিযোগিতায় নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

মঙ্গলবার সকালেই অভিযুক্তদের কাছে অভিযোগপত্র পাঠানো হয়েছে। দোষ স্বীকার অথবা নির্দোষ প্রমাণিত হওয়ার জন্য লড়বেন কিনা তা জানানোর জন্য ১৪ দিন সময় দেয়া হয়েছে অভিযুক্তদের।

পুরনো খবর:

৯ জনের বিরুদ্ধে অভিযোগ আকসুর