‘ছয় স্পিনার দেখেই বোঝার কথা উইকেট কেমন’
১৬ জনের দলে বিশেষজ্ঞ স্পিনারই ছয়জন। প্রয়োজনে স্পিন করতে পারেন, এরকম আরও কয়েকজন তো আছেনই। চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হবে, সেটির ধারণা দল দেখেই বুঝে নিতে বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রতিপক্ষ অধিনায়ক দিনেশ চান্দিমাল এক কথায়ই রায় দিয়ে দিলেন, ‘উইকেট টার্নিং।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের প্রথম ঘোষিত দলে বিশেষজ্ঞ স্পিনার ছিলেন সাকিব আল হাসান, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পরে সাকিব আল হাসান ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে দেওয়া হয় সানজামুল ইসলাম ও তানবীর হায়দারকে। পরে নেওয়া হয়েছে অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককেও।
ম্যাচের আগের দিন উইকেটের সম্ভাব্য আচরণের প্রশ্নে মাহমুদউল্লাহ ধারণা নিতে বললেন দল দেখেই।
“ছয়জন স্পিনার থাকা মানে আপনারাও অনুমান করতে পারছেন কী হতে যাচ্ছে। উইকেট সম্ভবত স্পিন বান্ধব হবে। আমরা আমাদের নিজেদের কন্ডিশনে স্পিনারদের উপর নির্ভর করি। আমাদের এই বিভাগ বেশ ভালো, শক্তিশালী। এবার সাকিব নেই। আমরা চেষ্টা করব সেটি পুষিয়ে দেওয়ার।”
মাহমুদউল্লাহর সংবাদ সম্মেলন শেষ হওয়ার খানিক পর এলেন দিনেশ চান্দিমাল। তার আগে কোচ-ম্যানেজারের সঙ্গে উইকেট দেখলেন বেশ লম্বা সময় নিয়ে। তবে সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়কের উইকেট ভাবনা শেষ হলো ছোট্ট এক কথায়ই, “অবশ্যই উইকেট টার্নিং হতে যাচ্ছে।”
উইকেট নিয়ে এমনিতেও ভালো ধারণা আছে চন্দিকা হাথুরুসিহের। বাংলাদেশের সদ্য সাবেক কোচ তাই দলে নিয়ে এসেছেন চারজন বিশেষজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান ও আকিলা দনঞ্জয়াকে। লঙ্কান কোচ জানালেন, চ্যাঞ্জেলের জন্য তৈরি তার দল।
“আমরা জানি, কী হতে যাচ্ছে (উইকেটের আচরণ)। বাংলাদেশ সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। উইকেট দুই দলের ব্যাটসম্যানদের জন্যই হতে যাচ্ছে চ্যালেঞ্জিং। আমরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে।”
