২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আসল' বিশ্বকাপে ওঠার ম্যাচে সতর্ক বাংলাদেশ

টুর্নামেন্ট শুরুর আগে মোটেও বোঝা যায়নি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ম্যাচটি। গ্রুপে দুর্বলতম দল ওমানই যে এখন সুপার টেন পর্বে ওঠার পথে বাংলাদেশের বাধা! তবে মাশরাফি বিন মুর্তজার দলও প্রস্তুত নিজেদের সেরাটা খেলে ‘আসল’ বিশ্বকাপ নিশ্চিত করতে।

অনীক মিশকাত অনীক মিশকাত

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 10:11 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পুরনো খবর:

তামিমকে নিয়ে ওমানের বিশেষ পরিকল্পনা
ওমান ম্যাচের উত্তাপও টের পাচ্ছেন মাশরাফি
ভারত-পাকিস্তানের সমান গুরুত্ব পাচ্ছে ওমান
কালো মেঘ ফুঁড়ে ধর্মশালায় সূর্যের হাসি
ওমানের বিপক্ষেও থাকছেন না মুস্তাফিজ
বাংলাদেশকে হারানোর প্রত্যয় ওমানের
তাসকিনকে নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই স্ট্রিকের

ওমানের কাছে আয়ারল্যান্ডের নাটকীয় হার আর দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রোববার ধর্মশালার হিমাচল প্রদেশে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হতে যাওয়া প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি।

গত শুক্রবার বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়ে যায় ওমান-নেদারল্যান্ডস ও বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। ওমান ম্যাচে শুধু টস সম্ভব হলেও বাংলাদেশ ম্যাচে খেলা হয় ৮ ওভার। আবহাওয়ার পূর্বাভাসে নেই সুখবর। রোববারও বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হওয়ায় ছোট দৈর্ঘ্যের হলেও ম্যাচ হওয়ার সম্ভাবনা তাই থাকছেই।

বাংলাদেশকে চমকে দেওয়ার প্রত্যয়ের কথা ওমান জানিয়ে রেখেছে। সহযোগী দেশটির সহ-অধিনায়ক আমির কলিম শনিবার সংবাদ সম্মেলনে জানান, সুপার টেনে খেলার সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টাই করবেন তারা।

“টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুই অনুমান করা যায় না। নিজেদের দিনে যে কোনো কিছুই হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে। এটা হবে আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। বাংলাদেশকে হারাতে আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।”

অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে খাটো করে দেখার ভুল করতে রাজি নন বাংলাদেশ কোচ চন্দিকা হাথুরুসিংহে। অন্যান্য বড় প্রতিপক্ষের মতোই সমান গুরুত্ব দিয়ে আয়ারল্যান্ডকে হারানো ওমানকে বিশ্লেষণ করছেন তারা।

দারুণ ছন্দে থাকা তামিমের দিকেই ভালো সূচনার জন্য তাকিয়ে থাকবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের দুই ইনিংস অন্যদের জন্যও হতে পারে অনুপ্রেরণা। তিনি টপ অর্ডারের দুই তরুণ সৌম্য সরকার ও সাব্বির রহমানের সহায়তা পেলে উড়ন্ত সূচনা পেতে সমস্যা হওয়ার কথা নয়।

রানের ফেরার লড়াইয়ে থাকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম সুপার টেনের আগে রানে ফিরতে চাইবেন। তারা রানে ফিরলে ব্যাটিং নিয়ে আরও নির্ভার হয়ে ‘আসল’ বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছিল না বাংলাদেশ দলে। ওমানের বিপক্ষেও একই একাদশ নিয়ে খেলার সম্ভাবনা বেশি। তবে স্পিন বোলিংয়ে শক্তি বাড়াতে মোহাম্মদ মিঠুনের জায়গায় ফেরানো হতে পারে নাসির হোসেনকে। সাকিব-মাহমুদউল্লাহ-নাসিরের উপস্থিতিতে স্পিন বোলিং আক্রমণও কার্যকর হতে পারে।

বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারা সন্দেহ করায় আরাফাত সানিকে এর মধ্যেই চেন্নাইয়ে পরীক্ষা দিতে যেতে হয়েছে। ওমান ম্যাচের পর নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাবেন তাসকিন আহমেদও। আয়ারল্যান্ড ম্যাচের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছিলেন, সেই ম্যাচ তারা খেলতে নেমেছিলেন আরাফাত-তাসকিনের জন্য।

মাশরাফি জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে ছিলেন তাসকিন। বৃষ্টি সেই সুযোগ দেয়নি তরুণ পেসারকে। ওমানের বিপক্ষে সুযোগ মিললে পুষিয়ে নিতে চেষ্টার কমতি থাকবে না গতির ঝড় তোলা এই ডানহাতি পেসারের।

তাসকিন, মাশরাফি, আল আমিন হোসেন ও আবু হায়দারে গড়া বাংলাদেশের পেস বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী। তারপরও বোলিং আক্রমণের সেরা অস্ত্র মুস্তাফিজুর রহমানের অভাব অনুভব করবেনই মাশরাফি। তরুণ পেস বোলিং সেনসেশন মুস্তাফিজের ওমানের বিপক্ষে না খেলা একরকম নিশ্চিত। তবে তাকে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে শতভাগ ফিট করতে প্রাণপণ খেটে যাচ্ছে বাংলাদেশ।

শনিবার স্টেডিয়ামের ইনডোরে ফুল রান আপে কিছুক্ষণ বোলিংও করেছেন মুস্তাফিজ। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার কথাই বলেছেন মাশরাফি ও পেস বোলিং কোচ হিথ স্ট্রিক। একইভাবে তারা কোনো ঝুঁকি নিচ্ছেন না ওমানকে নিয়ে। সহযোগী দেশটিকে হারিয়েই বিশ্বকাপের মূল পর্বে যেতে চান তারা। তবে তার জন্য প্রকৃতিকে হতে হবে সদয়।