ভারত-পাকিস্তানের সমান গুরুত্ব পাচ্ছে ওমান
বাংলাদেশ কোনো দলকেই হালকাভাবে নেয় না। বাঁচা-মরার ম্যাচে তা করার তো প্রশ্নই উঠে না। বরং আইসিসির সহযোগী দেশ ওমানকে এতটাই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ যা দেওয়া হয় প্রতিপক্ষ ভারত বা পাকিস্তান হলে।
আগামী রোববার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জয়ী দল খেলবে সুপার টেনের আবরণে হতে যাওয়া ‘আসল’ বিশ্বকাপে। বাংলাদেশের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক জানিয়েছেন, তারা কোনো ধরনের ঝুঁকি নিতে নারাজ।
“ওমান এরই মধ্যে কিছু অঘটন ঘটিয়েছে। আয়ারল্যান্ডকে হারানো একটি বড় ব্যাপার। আমরা তাদের কোনোভাবে খাটো করে দেখছি না।”
ওমানের বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণা নেই মাশরাফি বিন মুর্তজাদের। জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার স্ট্রিক জানান, ওমানকে বিশ্লেষণের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিই অনুসরণ করেছেন তারা।
“ভারত-পাকিস্তানের মতো বড় দলকে বিশ্লেষণের সময় আমরা যতটা কাজ করি ওমানের ক্ষেত্রেও ততটাই করেছি। ওরা ততটা বড় দল নয়, তাই ওদের ব্যাপারে আমাদের হাতে খুব বেশি তথ্য নেই। যতটা সম্ভব পেশাদারিত্বের সাথে আমরা ওদের ব্যাটসম্যান-বোলারদের বোঝার চেষ্টা করেছি।”
দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও ওমানের পয়েন্ট সমান ৩ করে। রান রেটে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বৃষ্টির বাধায় ম্যাচ পরিত্যক্ত হলে সুপার টেনে যাবে মাশরাফির দল। খেলা হলে ওমানের সঙ্গে জিততেই হবে চন্দিকা হাথুরুসিংহের শিষ্যদের। স্ট্রিক জানান, ওমানের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত তার শিষ্যরা।
“আমরা জানি, আগামীকালের ম্যাচ বাংলাদেশের জন্য অনেক বড়। আমরা মাঠে সেরা চেষ্টা করব এবং পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করার চেষ্টা করব।”
