কালো মেঘ ফুঁড়ে ধর্মশালায় সূর্যের হাসি
আগের দিন শুরু হওয়া বৃষ্টি চলেছে রাতভর। ক্ষনিকের জন্য দু-একবার বিরতি দিয়ে শনিবার সকাল থেকে অবিরাম কেঁদেছে ধর্মশালার আকাশ। তবে বিকেলের দিকে কালো মেঘের আড়াল থেকে হেসে উঠেছে সূর্য।
শুক্রবার বৃষ্টিতে পণ্ড হয়েছে ধর্মশালার দুটি ম্যাচই। দুটি ম্যাচ মিলিয়ে সম্ভাব্য ৮০ ওভারের মধ্যে খেলা হয়েছে মোটে ৮ ওভার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসতে চার দলের অধিনায়ককেই পেতে হয়েছে বৃষ্টির শীতল পরশ। মাঠ থেকে রাতে হোটেলে ফিরতে ভিজে জেরবার সংবাদকর্মীরা।
শনিবার ছুটির দিনেও ছুটি নেই বৃষ্টির। ক্রিকেটার, গ্রাউন্ডসম্যান, সংবাদকর্মী ও আইসিসির কর্মীরা - বৃষ্টিবন্দি ছিলেন সবাই। আগের দিনই ঠিক হয়েছিল অনুশীলন করবে না বাংলাদেশ দল। তবে পুরো দল মিলে ঘুরতে যাওয়ার কথা ছিল আশেপাশে। টানা বৃষ্টিতে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে। পাহাড়ী এই জনপদের সৌন্দর্যের স্বাদ কাছ থেকে আর নেওয়া হয়নি, থাকতে হয়েছে হোটেলেই।
দুপুর তিনটায় ম্যাচ পূ্র্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে এসেছিলেন হিথ স্ট্রিক। বোলিং কোচ জানালেন, মন খারাপ করা আবহাওয়াতেও চনমনে থাকার চেষ্টা করছে সবাই।
“আবহাওয়া অবশ্যই বাংলাদেশের মতো নয়। তবে ছেলেদের অস্বস্তি খুব বেশি নেই। আশা করি, ম্যাচের দিন আরেকটু গরম থাকবে। গত রাতে আবহাওয়া ছিল অনেকটা আইরিশ। আমরা যখন সোয়েটার চাপিয়ে ছিলাম, ওরা নরম্যাল টি শার্টে ছিল। তবে ওমানও গরমের দেশ। আমাদের সমস্যা হলে ওদেরও হবে।”
“ক্রিকেটে মনোযোগ দেওয়া খুব কঠিন কিছু নয়। ছেলেরা জানে ম্যাচের গুরুত্ব। ওরা চনমনে ও প্রস্তুত।”
স্ট্রিকের সংবাদ সম্মেলনের আগেই অবশ্য দুপুর ২টার দিকে থেমে যায় বৃষ্টি। খানিকটা পরিষ্কার হয় আকাশ। বিকেল চারটার দিকে মেলে আলোর রেখা। প্রায় দেড় দিন পর সূর্যের মুখ! মাঠকর্মীরাও ঝাপিয়ে পড়েন মাঠ প্রস্তুত করতে। সরানো হয় কাভার, মাঠে নামে সুপার সপার। বিকেল ৫টা নাগাদ শুষে নেওয়া হয় মাঠের বেশিরভাগ অংশের পানি।
ঘোমটা খুলে নেওয়ার পর দেখার সুযোগ হয় উইকেটের চেহারাও। মাঝে এক কোণায় সামান্য ঘাসের ছোঁয়া বাদ দিলে পুরো উইকেটই ন্যাড়া। দূর থেকে অবশ্য বেশি কিছু বোঝার সুযোগ নেই। তবে লম্বা সময় ঢেকে রাখায় উইকেট ‘ড্যাম্প’ থাকারই কথা।
স্থানীয় সময় সন্ধ্যায় সোয়া ৬টা পর্যন্তও আর নামেনি বৃষ্টি। তবে রোববার বাংলাদেশ-ওমান ম্যাচের দিন বৃষ্টির শঙ্কা আছে প্রবলভাবেই। ম্যাচ ভেস্তে গেল রান রেটে এগিয়ে থাকায় সুপার টেন পর্বে উঠবে বাংলাদেশ।
তবে মাঠের ক্রিকেটে জিতেই প্রথম রাউন্ড উতরাতে চান মাশরাফি বিন মুর্তজা।
“আমরা আসলে বৃষ্টি চাইনি। এশিয়া কাপের ফাইনালেও বৃষ্টি আমাদের বিরক্ত করেছে। আমরা ক্রিকেট খেলতে এসেছি, সবসময়ই চাই যেন পুরো মাচ হয়। এই মুহূর্তে এটিই আশা যেন পুরো ম্যাচ হয়, যেন ভালো একটি ম্যাচ আমরা খেলতে পারি।”
শুধু বাংলাদেশ অধিনায়ক নন, ভাবনা একই রকম দুই দল, দুই দেশ, আয়োজকদের সবারও। রোববার প্রকৃতি কি শুনবে সবার এই আকুতি!
