২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওমান ম্যাচের উত্তাপও টের পাচ্ছেন মাশরাফি

বৃষ্টি আর প্রচণ্ড ঠাণ্ডার মাঝে ধর্মশালায় পা রেখেছিল বাংলাদেশ দল। মাঝে দিন তিনেক আবহাওয়া ছিল একটু সহনীয়। শুক্রবার থেকে তুমুল বৃষ্টি আবারও ফিরিয়ে এনেছে হাড়কাঁপানো শীত। তবে এই শীতল বাতাসেও ওমান ম্যাচের উত্তাপটা ঠিকই অনুভব করছেন মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

ধর্মশালা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 02:24 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

তামিমকে নিয়ে ওমানের বিশেষ পরিকল্পনা
তাসকিনকে নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই স্ট্রিকের
বাংলাদেশকে হারানোর প্রত্যয় ওমানের
ওমানের বিপক্ষেও থাকছেন না মুস্তাফিজ
কালো মেঘ ফুঁড়ে ধর্মশালায় সূর্যের হাসি
ভারত-পাকিস্তানের সমান গুরুত্ব পাচ্ছে ওমান

ওমানকে ভাবা হচ্ছিল গ্রুপের দুর্বলতম দল। সেই দলটিই এখন সুপার টেন পর্বে ওঠার পথে বাংলাদেশের বাধা! মাশরাফি বলছেন, ওমানকে হারাতে হলেও খেলতে হবে সেরাটা।

বড় টুর্নামেন্টে প্রথমবার মাঠে নেমেই আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় ওমান। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে তারা পেয়েছে ১ পয়েন্ট। গ্রুপের শেষ ম্যাচের আগে নবীন এই দলটির পয়েন্ট বাংলাদেশের সমান, ২ ম্যাচে ৩ পয়েন্ট!

যে ম্যাচটি হওয়ার কথা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ, সেটিই এখন হয়ে দাঁড়িয়েছে প্রথম রাউন্ড উতরানোর লড়াই। আয়ারল্যান্ড ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফি স্বীকার করে নিলেন চাপটা।

“শেষ ম্যাচটি আমাদের জন্য অবশ্যই চাপের ম্যাচ। ওমান ভালো ক্রিকেট খেলছে, ওদের এভাবে খেলতে দেখাও দারুণ। এখন আমাদের দুই দলেরই পয়েন্ট ৩। রান রেটে যদিও আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসীও আছি। যেভাবে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে আমরা ভালো করব।”

রোববার বাংলাদেশ-ওমান ম্যাচে জয়ী দল খেলবে সুপার টেন পর্বে। তবে খেলা না হলে রান রেটে এগিয়ে থাকায় উঠে যাবে বাংলাদেশ। +০.৪০০ রান রেট বাংলাদেশের, ওমানের যেটি +০.২৮৩।

এই প্রথম কোনো টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে ম্যাচ খেলবে ওমান। তাদের সম্পর্কে খুব বেশি ধারণাও নেই বাংলাদেশ দলের। তবে অধিনায়ক জানালেন, আর সব বড় প্রতিপক্ষের মতো করেই ওমানকে দেখছে বাংলাদেশ।

“ওমানের সঙ্গে কোনো খেলা হয়নি। তবে আয়ারল্যান্ডের সঙ্গে ওদের ম্যাচ পুরোটাই আমরা দেখেছি। ওরা দল হিসেবে অনেক ভালো। আর টি-টোয়েন্টিতে ২/১টি ভালো ওভার হলেই সব বদলে যায়। আমরা পেশাদারী ক্রিকেট খেললে আশা করি সমস্যা হবে না। অবশ্যই আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। অন্য সব বড় দলগুলোর সঙ্গে আমরা যেভাবে খেলি সেভাবেই ওদের বিপক্ষে পরিকল্পনা করছি।"