তামিমকে নিয়ে ওমানের বিশেষ পরিকল্পনা
ছন্দে থাকা তামিম ইকবালকে নিয়ে আলাদা পরিকল্পনা রয়েছে ওমানের। সহ-অধিনায়ক আমির কালিম মনে করছেন, বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানকে বেধে রাখার সামর্থ্য তাদের রয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে অসাধারণ ব্যাটিং করেছেন তামিম। দেশসেরা এই উদ্বোধনী ব্যাটসম্যান এশিয়া কাপের শেষ দুই ম্যাচে অনুজ্জ্বলই ছিলেন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্বরূপে ফিরেছেন তিনি।
সময়ের দাবি মেটাতে নেদারল্যান্ডসের বিপক্ষে পুরো ২০ ওভার ক্রিজে থাকেন তামিম। ৫৮ বলে তার অপরাজিত ৮৩ রানের চমৎকার ইনিংস দলকে এনে দেয় লড়াইয়ের পুঁজি।
বৃষ্টিবিঘ্নিত আয়ারল্যান্ড ম্যাচে দেখা গেছে অন্য তামিমকে। ১২ ওভারে নেমে আসা ম্যাচে শুরু থেকেই ঝড় তোলেন তামিম। ৮ ওভার পরেই পরিত্যক্ত হওয়া ম্যাচে ২৬ বলে করেন ৪৭ রান।
আগামী রোববার বাংলাদেশের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে খেলবে ওমান। তার আগের দিন সংবাদ সম্মেলনে তামিমকে নিয়ে নিজেদের ভাবনার কথা জানান কালিম।
“তামিম ইকবাল গত কয়েক মাস ধরে খুব ভালো ক্রিকেট খেলছে। সে খুব ভালো ছন্দেও আছে। তার জন্য আমাদের পরিকল্পনা আছে।”
কালিমের ভাষায়, তামিমের জন্য তাদের পরিকল্পনা সহজ, “অবশ্যই আমাদের প্রথম চেষ্টা হবে, তাকে দ্রুত ফেরানোর। তবে তিনি যতক্ষণ ক্রিজে থাকবেন আমরা তাকে বেঁধে রাখার চেষ্টা করব। বোলাররা তাকে চাপে রাখার চেষ্টা করবে।”
