তাসকিনকে নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই স্ট্রিকের
তাসকিন আহমেদের বোলিং নিয়ে প্রশ্ন ওঠায় চমকে গিয়েছিলেন বাংলাদেশ দলের সবাই। তবে বিস্ময়টা সবচেয়ে বেশি ছিল বুঝি হিথ স্ট্রিকের। তাসকিনের দেখভাল করা সরাসরি তার দায়িত্বেরই অংশ। কিন্তু কখনোই তো সংশয় জাগেনি বোলিং অ্যাকশন নিয়ে!
আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের পথচলা আর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে স্ট্রিকের যাত্রা শুরু প্রায় হাত ধরাধরি করেই। ২০১৪ সালের জুনে ভারত সিরিজ থেকেই শুরু স্ট্রিক ও তাসকিনের। অভিষেক ওয়ানডেতে তাসকিন নিয়েছিলেন ৫ উইকেট। চোটপ্রবণ এই পেসারকে ঠিকভাবে সামলানোর পরিকল্পনা মূলত করতে হয় স্ট্রিককেই। সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক খুব ভালো কারেই জানেন তাসকিনকে।
তরুণ এই পেসারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর ধন্দেতে পড়ে গিয়েছিলেন স্ট্রিক। নেদারল্যান্ডসের বিপক্ষে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর অভিষেক থেকে বিভিন্ন ম্যাচে তাসকিনের ভিডিও ফুটেজগুলো দেখেছেন স্ট্রিক। খুঁজে পাননি কোনো ভিন্নতা। শনিবার ধর্মশালায় সংবাদ সম্মেলনে বোলিং কোচ জানালেন, শিষ্যকে নিয়ে তিনি নির্ভার।
শুধু তাসকিনের কোচ বা বাংলাদেশের দলের একজন হিসেবে নয়, নিজের প্রতি সৎ থেকেই এসব বলছেন, দাবি স্ট্রিকের।
“আমি এসব কথা বলছি স্রেফ ওকে সমর্থন করা বা ওর পাশে দাঁড়াতে নয়, আমি সত্যিই বিশ্বাস করি ওর অ্যাকশন ঠিক আছে। বিশ্বাস করি, পরীক্ষা দিয়ে এসে বিশ্বকাপে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে।”
প্রশ্ন ওঠার পর প্রাথমিকভাবে কিছুটা চিন্তিত ছিলেন তাসকিন। তবে স্ট্রিক জানালেন, ফুটেজ দেখার পর তাসকিনেরও নিজেকে নিয়ে সংশয় নেই।
“আমার বিশ্বাস, নেদারল্যান্ডস ম্যাচের ভিডিও এবং আমাদের কাছে থাকা ওর আগের ভিডিওগুলো দেখার পর এখন সে খুশি। সব কিছু নিয়েই আমাদের অজুহাতের প্রয়োজন নেই, তবে আমাদের মতে ওর অ্যাকশন নিখুঁত ও বৈধ। এখন আইসিসির একটি প্রক্রিয়া আছে এবং আমাদের সেটির ভেতর দিয়ে যেতে হবে। সে পরীক্ষা দেবে এবং আশা করি, এরপর সব সংশয়ের অবসান হবে।”
রোববার ওমানের বিপক্ষে ম্যাচ শেষে সোমবার সকালে চেন্নাইয়ে উড়ে যাবেন তাসকিন। সেখানে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হওয়ার কথা মঙ্গলবার সকালে। প্রশ্নবিদ্ধ আরেক বোলার, বাঁহাতি স্পিনার আরাফাত সানি শনিবারই চলে গেছেন চেন্নাই। এদিনই হয়ে যাওয়ার কথা তার অ্যাকশনের পরীক্ষা।
