বাংলাদেশকে হারানোর প্রত্যয় ওমানের
শক্তিশালী বাংলাদেশকে নিয়ে কোনো ভীতি নেই ওমানের। আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দেওয়া দেশটি স্বপ্ন দেখছে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার। বাংলাদেশকে বিদায় করে সুপার টেনে পৌঁছানোর সামর্থ্য তাদের আছে বলে মনে করছেন সহ-অধিনায়ক আমির কালিম।
আগামী রোববার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ওমান। তার আগের দিন সংবাদ সম্মেলনে কালিম জানান, বাংলাদেশকে হারানোর আত্মবিশ্বাস তাদের রয়েছে।
“অবশ্যই হারানো সম্ভব হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের দিনে ভালো খেললে যে কোনো কিছুই হতে পারে। আমাদের বাংলাদেশকে হারানোর সামর্থ্য আছে। নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেললে আমাদের জেতার সম্ভাবনা আছে।”
প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে খেলার আগে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে ওমানের প্রতিটি খেলোয়াড়কে, “বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলার সুযোগ একটা বড় ব্যাপার। ওমানের জন্য এটা শেখার একটা সুযোগ।
বৃষ্টির জন্য শুক্রবার পরিত্যক্ত হয় ওমান-নেদারল্যান্ডস ও বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। দুই ম্যাচ শেষে রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ওমান। চূড়ান্ত পর্বে যেতে মাশরাফি বিন মুর্তজার দলকে হারানোর কোনো বিকল্প নেই ওমানের। তাই ৫ ওভারের ম্যাচ হলেও খেলতে মরিয়া দলটি।
“কালও পূর্বাভাসে বৃষ্টির কথা বলা হয়েছে। তবে এখানের পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো। আশা করি, কাল খেলা সম্ভব হবে। মোমেন্টাম আমাদের সাথেই আছে। আমরা কঠোর পরিশ্রম করছি।”
কালিম জানান, কম দৈর্ঘ্যর ম্যাচ হতে পারে ধরেই এগোচ্ছেন তারা, “বাংলাদেশকে হারাতে আমাদের পরিকল্পনা সহজ। হয়তো ২০ ওভার ম্যাচ সম্ভব হবে না। কিন্ত যতটুকুই খেলা হোক আমরা ইতিবাচক থাকব। নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলব। নিজেদের খেলা পরিবর্তন করব না।”
