মাশরাফির মিশ্র অনুভূতি
ব্যাটিং নিয়ে দুর্ভাবনা কমেছে বাংলাদেশের, ফিরেছেন দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম। তবে চোটের জন্য মুস্তাফিজুর রহমানকে হারানোয় বোলিং নিয়ে কিছুটা চিন্তা থাকছেই স্বাগতিকদের। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে তামিমের ফেরা আর মুস্তাফিজকে হারানো নিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুভূতি তাই মিশ্র।
চোটের জন্য এশিয়া কাপে আর খেলা হবে না তরুণ পেস সেনসেশন মুস্তাফিজের। তার জায়গায় দলে ফিরেছেন ছুটিতে থাকা তামিম।
আগামী বুধবার গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, দেশের সেরা ব্যাটসম্যানকে ফিরে পেলেও অসাধারণ এক বোলারকে হারিয়েছেন তিনি।
“আমি আগেও বলেছি, তামিমের না থাকা সব সময় আমাদের জন্য কিছুটা অস্বস্তিকর ব্যাপার। সব ফরম্যাটে সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। তামিম অনেক দিন ধরে খেলছে, সে অনেক অভিজ্ঞ।”
ব্যাটিংয়ে শক্তি বাড়লেও বোলিংয়ে যে বড় ক্ষতি হয়ে গেল সেটাও স্বীকার করেছেন মাশরাফি, “মুস্তাফিজের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি। ও যেটা দলের জন্য দেয়, সেটা সব সময়ই অসাধারণ কিছু। এটা প্রমাণিত বিষয়।”
