তামিমের জন্য গুরুত্বপূর্ণ ‘প্রথম ৫ বল’
পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তামিম ইকবালকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ কোচের মতে, শুরুটা ভালো করতে পারলে ভালো কিছু পাওয়া সম্ভব তামিমের কাছ থেকে।
রোববার পৃথিবীর আলোয় এসেছে তামিম ইকবালের প্রথম সন্তান। সদ্যোজাত সন্তানকে দেখে সোমবারই দেশে ফিরেছেন তামিম। বুধবার খেলবেন পাকিস্তানের বিপক্ষে।
এশিয়া কাপে প্রতিটি ম্যাচেই শুরুটা বাংলাদেশকে ভোগাচ্ছে। মঙ্গলবার সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে দলের সেরা ওপেনারকে ফিরে পাওয়ার স্বস্তির কথা জানালেন।
“আমার জন্য এটি বিশাল ব্যাপার। গত এক বছরে তামিম হাজারের বেশি রান করেছে আন্তর্জাতিক ক্রিকেটে। টপ অর্ডারে আমাদের সেরা ব্যাটসম্যান সে। ওর সামর্থ্যের একজনকে ফিরে পাওয়া সবসময়ই দলের জন্য ভালো।”
গত বছর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তামিম ছিলেন অসাধারণ ফর্মে। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন, ওয়ানডে সিরিজের ৩ ম্যাচে করেছিলেন ১৩২, ১১৬ ও ৬৪।
তবে কোচের মতে, সেই সিরিজের পারফরম্যান্স এবার কাজে দেবে সামান্যই। তামিমকে শুরু করতে হবে নতুন করে।
“ওই সিরিজ ছিল এক বছর আগে। টি-টোয়েন্টি ফরম্যাটও আলাদা। এখন আমরা দল হিসেবে কেমন করি বা সে কেমন ব্যাট করে, এটিই গুরুত্বপূর্ণ। সে খুব ভালো ফর্মে আছে। এখন কাল শুরুটা ভালো করতে পারলেই হয়। ওর জন্য গুরুত্বপূর্ণ হলো প্রথম ৫টি বল।”
