‘আমিরকে শুরুতে উইকেট দেওয়া যাবে না’
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহাম্মদ আমিরকে সবচেয়ে বড় হুমকি মানছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক সতীর্থদের পাকিস্তানের বাঁহাতি পেসারকে দেখেশুনে খেলার পরামর্শ দিয়েছেন।
ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দারুণ বোলিং করা আমিরই এবারের আসরে পাকিস্তানের সেরা অস্ত্র। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ বলের ২১টিতেই কোনো রান দেননি আমির। কম রানে পুঁজি নিয়ে তার দারুণ বোলিংয়েই ভারতের বিপক্ষে লড়াই করে শহিদ আফ্রিদির দল।
পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে কিছু দিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই পেসার খেলে গেছেন বিপিএলেও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে চিটাগং ভাইকিংসের হয়েও সফল ছিলেন আমির। জাতীয় দলে ফেরার পর ক্রমশ স্বরূপে ফিরছেন তিনি।
আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি শুরুতেই আমির আঘাত হানতে পারেন বলে সতীর্থদের সতর্ক করে দেন।
“আমির শুরুর দিকে উইকেট নিতে পারে। সব ধরনের বোলিং করার ক্ষমতা আছে তার। তাদের জন্য আমির খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি তাকে শুরুর দিকে উইকেট না দিয়ে খেলে যেতে পারি তাহলে ভালো হয়।”
কেবল একা আমিরকে নিয়ে ভাবছে না বাংলাদেশ। মোহাম্মদ সামি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ ইরফানদের নিয়েও পরিকল্পনা কষছে স্বাগতিকরা, “আমিরই শুধু নয়, অন্যরাও খুব ভালো বোলার।
